কুড়িগ্রামে রোগীর মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক-নার্সদের সঙ্গে হাতাহাতি, বিক্ষোভ

কুড়িগ্রাম সদর হাসপাতালে চিকিৎসা অবহেলায় আফরোজা বেগম নামের এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাসপাতাল চত্ত্বরে বিক্ষোভ করেছে রোগীর স্বজন ও সাধারণ মানুষ। পরিস্থিতি বেগতিক দেখে কিছু সময় কর্মবিরতি পালন করেছে চিকিৎসক-নার্সরা।
সোমবার (২ মার্চ) বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত এসব ঘটনা ঘটে হাসপাতালে।
প্রত্যক্ষ্যদর্শীরা জানান, বিকেলে কুড়িগ্রাম শহরতলির হিঙ্গনরায় ডাকবাংলা গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রীর উচ্চ রক্তচাপ দেখা দিলে সদর হাসপাতালে নিয়ে যান স্বজনরা। এ সময় নার্সরা ভর্তিসংক্রান্ত কাগজপত্র নিয়ে গড়িমসি করে সময় ক্ষেপণ করে। এতে রোগীর অবস্থা আরও সংকটাপন্ন হয়। এ অবস্থায় রোগীর স্বজন ও চিকিৎসক-নার্সদের মধ্যে কথা-কাটাকাটি এবং হাতাহাতিতে জড়িয়ে পড়ে। এ সময় রোগী মারা যায়।
রোগীর স্বজন আপেয়ারা বেগম, দরদী ও লিলি বেগম অভিযোগ করে বলেন, আমরা রোগী নিয়ে হাসপাতালে আসলে নার্সরা এ সময় মোবাইলে লুডু খেলতে ব্যস্ত ছিল। রোগীর অবস্থা খারাপের কারণে আমরা তাদেরকে তাড়া দেই। পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে গেলে চিকিৎসক ও নার্সরা কর্মবিরতি পালন শুরু করেন।
হাসপাতালের ইমারজেন্সি মেডিকেল অফিসার ডা. শুভ বলেন, রোগীকে ভর্তি না করে চিকিৎসা দেওয়ার নিময় নেই। রোগীর স্বজনরা ভর্তি ছাড়াই চিকিৎসা করাতে চাপ প্রয়োগ করে। তাছাড়া আমি কিংবা আমার স্টাফরা তাদের কাউকে মারধর করি নাই। সিসিটিভি ফুটেজ দেখলে প্রমাণ পাবেন।
কুড়িগ্রাম সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক নুর নেওয়াজ আহমেদ মুঠোফোনে বলেন, রোগী এবং নার্স উভয়ই অপেশাদারিত্ব আচরণ করেছে। আমি চেষ্টা করছি পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে।