বান্দরবানে মন্দিরের সামনে ব্যবসায়ীর গলাকাটা মরদেহ

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে বাড়ি থেকে নিখোঁজের পর জাফর আলম বাবুল (৫২) নামের এক ব্যবসায়ীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে অং থোয়াই সিং নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে বাইশারী ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের লম্বাবিল তিতার পাড়া এলাকার সাবেক ইউপি সদস্য দূমচাই মারমার কেয়াং মন্দিরের সামনে থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত ব্যবসায়ী বাবুল উপজেলার বাইশারী ইউনিয়নের লম্বাবিল এলাকার ওসমান গনির ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৮টার দিকে নিজ বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি জাফর আলম। পরদিন শুক্রবার সকাল সাড়ে ৭টার দিকে স্থানীয়দের মাধ্যমে কেয়াং মন্দিরের সামনে তার মরদেহ পড়ে থাকার খবর পান স্বজনেরা। খবর পেয়ে বাইশারী তদন্ত কেন্দ্রের পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রাথমিক সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ বান্দরবান সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া শুরু করে।
এদিকে স্থানীয় সূত্র থেকে অনলাইন জুয়া ও আর্থিক লেনদেন নিয়ে বিরোধের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্ত সাপেক্ষ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।
নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক জানান, খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করেছে। হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চাদুংপাড়া এলাকার অং থোয়াই সিং নামের একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটন ও জড়িত অন্যদের শনাক্তে পুলিশের তদন্ত অব্যাহত রয়েছে।


