
নিম্নমানের বই সরবরাহের সঙ্গে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদান করার হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল মিলন।
মঙ্গলবার (৬ অক্টোবর) কুমিল্লার দাউদকান্দিতে ‘ফরাজী প্রেস অ্যান্ড পাবলিকেশন্স’ পরিদর্শন করেন শেষে এই হুঁশিয়ারি দেন তিনি।
শিক্ষা মন্ত্রণালয়ের জনসংযোগ দপ্তর সূত্র জানায়, নতুন শিক্ষাবর্ষের পাঠ্যবই ছাপার কাজের গুণগত মান যাচাইয়ের জন্য পূর্বঘোষণা ছাড়াই মন্ত্রী প্রেসটি পরিদর্শন করেন। পরিদর্শনের সময় তিনি পাঠ্যবই ছাপার কাজের বাস্তব পরিস্থিতি সরেজমিন দেখেন এবং সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেন।
এ সময় শিক্ষামন্ত্রী বইয়ের গুণগত মান ও ছাপার কাজের সার্বিক অগ্রগতি যাচাই করেন।
তিনি শিক্ষার্থীদের হাতে সময়মতো মানসম্মত পাঠ্যবই পৌঁছে দিতে ছাপার কাজে নির্ধারিত মান বজায় রাখার ওপর গুরুত্ব দেন। তিনি বই ছাপার ক্ষেত্রে গুণগত মান নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনাও প্রদান করেন।
এ সময় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেলসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
