Advertisement

নেত্রকোনায় লিফটে আটকে পড়া সাতজন উদ্ধার

এশিয়া পোস্ট নিউজ, নেত্রকোনা
নেত্রকোনায় লিফটে আটকে পড়া সাতজন উদ্ধার
ছবি : এশিয়া পোস্ট

নেত্রকোনায় সমাজসেবা অধিদপ্তরের ছয়তলা ভবনের লিফটে আটকে পড়া সাত প্রশিক্ষণার্থীকে নিরাপদে উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। যান্ত্রিক ত্রুটির পাশাপাশি বিদ্যুৎ চলে যাওয়ায় লিফটটি ভবনের চতুর্থ তলায় আটকে পড়েছিল। ফায়ার সার্ভিসের দ্রুত ও দক্ষ অভিযানে অক্ষত অবস্থায় তাদের বের করে আনা সম্ভব হয়।

মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

উদ্ধার হওয়া প্রশিক্ষণার্থীরা হলেন—মেহেদী হাসান (১৯), রিফাত (১৬), শুভ (১৬), মৌন (১৭), শ্রাবণ (১৮), পায়েলে (১৭) ও সিয়াম (১৭)। তারা সবাই জেলা সমাজসেবা কার্যালয়ের একটি প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিতে ওই ভবনে এসেছিলেন।

নেত্রকোনা ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার খানে আলম খান জানান, বেলা ১১টার দিকে খবর পেয়ে আট সদস্যের একটি উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এরপর বিশেষ কৌশলে লিফটের দরজা খুলে ভেতরে থাকা সাত প্রশিক্ষণার্থীকে নিরাপদে বের করে আনা হয়। বেলা ১১টা ২০ মিনিটে উদ্ধার অভিযান সফলভাবে শেষ হয়।

তিনি আরও জানান, যান্ত্রিক ত্রুটি এবং লোডশেডিংয়ের কারণে লিফটটি চতুর্থ তলায় আটকে পড়েছিল। তবে সময়মতো ব্যবস্থা নেওয়ায় বড় কোনো ক্ষয়ক্ষতি হয়নি এবং কেউ আহত হননি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. হারুনুর রশিদ বলেন, প্রশিক্ষণ শেষে কয়েকজন প্রশিক্ষণার্থী লিফটে করে নিচে নামছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুৎ চলে গেলে লিফটটি মাঝপথে আটকে যায়। ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা এসে সবাইকে নিরাপদে উদ্ধার করে।