আড়াইহাজারে ১৪ ভরি স্বর্ণ ডাকাতি, এসিল্যান্ডসহ ছয়জনকে কুপিয়ে জখম

এশিয়া পোস্ট নিউজ, নারায়ণগঞ্জ
আড়াইহাজারে ১৪ ভরি স্বর্ণ ডাকাতি, এসিল্যান্ডসহ ছয়জনকে কুপিয়ে জখম
আহত এসিল্যান্ড সাকিব হাছান খান। ছবি: সংগৃহীত

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় কুমিল্লার মুরাদনগর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিব হাছান খানসহ ছয়জনকে কুপিয়ে জখম করেছে ডাকাত দল। একই ডাকাদ দল একটি বাড়ি থেকে দুই লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণ লুট করে নিয়ে গেছে।

Advertisement

শনিবার (২০ জুন) সন্ধ্যায় আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে, শুক্রবার রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের ধন্দী ও রাইনাদী-আতাদী এলাকায় ঘটনাগুলো ঘটে।

স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, এসিল্যান্ড সাকিব হাছান খান ছুটিতে ধন্দী গ্রামে নিজ বাড়িতে অবস্থান করছিলেন। রাতে বিদ্যুৎ না থাকায় বাড়ির সামনের সড়কে কয়েকজন পরিচিতজনের সঙ্গে তিনি বসে ছিলেন। রাত গভীর হলে ১০ থেকে ১২ জনের মুখোশধারী সশস্ত্র ডাকাত দল সেখানে এসে অতর্কিত হামলা চালায়।

ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে তারা পালিয়ে যায়। এতে সাকিব হাছান খানসহ মুকুল, রাজিব, রুবেল, ফারুক ও ডালিয়া আহত হন। তাদের চিৎকারে আশপাশের লোকজন এসে উদ্ধার করে আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাদের ঢাকায় পাঠানো হয়।

হামলার কিছু সময় পর পার্শ্ববর্তী রাইনাদী-আতাদী এলাকার সুমন নামের এক বাসিন্দার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। পরিবারের সদস্যদের জিম্মি করে নগদ দুই লাখ ৭০ হাজার টাকা এবং প্রায় ১৪ ভরি স্বর্ণ লুট করে নিয়ে যায়।

আড়াইহাজার থানার ওসি সবজেল হোসেন এশিয়া পোস্টকে বলেন, আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সব কিছু খতিয়ে দেখা হচ্ছে। থানায় ভুক্তভোগীদের পক্ষ থেকে অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে।