logo

ঝালকাঠিতে বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত

ঝালকাঠিতে বাস খাদে পড়ে সুপারভাইজার নিহত
ছবি: এশিয়া পোস্ট

ঝালকাঠির নলছিটিতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস সড়কের পাশের খাদে পড়ে গিয়ে বাসের সুপারভাইজার নিহত হয়েছেন। তবে বাসে থাকা অন্যান্য যাত্রী দ্রুত বের হয়ে আসতে সক্ষম হওয়ায় বড় ধরনের প্রাণহানি এড়ানো গেছে। দুর্ঘটনার পর সাময়িকভাবে ঝালকাঠি-বরিশাল আঞ্চলিক মহাসড়কে যান চলাচল ব্যাহত হয়।

রোববার (৫ জুলাই) সকালে নলছিটি উপজেলার পূর্ব রায়পুর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পিরোজপুরের মঠবাড়িয়া থেকে যাত্রী নিয়ে ‘নাহিদ সুপার পরিবহন’ (বরিশাল মেট্রো-১১-০০৭৩) নামের একটি বাস বরিশালের উদ্দেশ্যে রওনা দেয়। পথে পূর্ব রায়পুর বটতলা এলাকায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি বাসকে ওভারটেক করার সময় দুই বাসের মাঝখানে একটি থ্রি-হুইলার (আলফা) চলে আসে। সেটিকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারালে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়।

দুর্ঘটনার সময় বাসটির সুপারভাইজার নিচে চাপা পড়েন। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। তবে তাৎক্ষণিকভাবে নিহতের পরিচয় জানা যায়নি।

ঝালকাঠি সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মাসুম ইফতেখার জানান, হাসপাতালে আনার আগেই ওই ব্যক্তির মৃত্যু হয়েছিল।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুজ্জামান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে। দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে। ফায়ার সার্ভিস, পুলিশ ও স্থানীয়রা যৌথভাবে কাজ করে বাসটি উদ্ধার করার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়েছে।