গোমস্তাপুর থানার প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর থানার প্রধান ফটকের সামনে গভীর রাতে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাত ১২টার দিকে এ ঘটনা ঘটে। তবে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, রাতে থানার মেইন রাস্তা-সংলগ্ন প্রধান গেটের ভেতরে দুর্বৃত্তরা একটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যায়। ককটেলটি বিকট শব্দে বিস্ফোরিত হলে থানা চত্বর কেঁপে ওঠে। বিস্ফোরণের শব্দ শুনে ডিউটিরত পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। ঘটনার পরপরই থানার অফিসার ইনচার্জ (ওসি) পুলিশ সদস্যদের নিয়ে আশেপাশে অভিযান শুরু করেন। তবে হামলাকারীরা দ্রুত সটকে পড়ায় কাউকে তাৎক্ষণিকভাবে আটক করা সম্ভব হয়নি।
এ ঘটনায় পুলিশ ঘটনাস্থল থেকে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, জর্দার কৌটা এবং স্কচটেপ আলামত হিসেবে জব্দ করেছে।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ এশিয়া পোস্টকে বলেন, কে বা কারা আতঙ্ক সৃষ্টির উদ্দেশ্যে এই ঘটনা ঘটিয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। আলামত সংগ্রহ করা হয়েছে এবং দোষীদের শনাক্ত করতে তদন্ত শুরু হয়েছে।