Advertisement

টাঙ্গুয়ার হাওরে অবৈধ প্রবেশ, ৩ হাউসবোটকে জরিমানা

এশিয়া পোস্ট নিউজ, সুনামগঞ্জ
টাঙ্গুয়ার হাওরে অবৈধ প্রবেশ, ৩ হাউসবোটকে জরিমানা
ছবি : এশিয়া পোস্ট

প্রশাসনের নির্দেশনা অমান্য করে সুনামগঞ্জের টাঙ্গুয়ার হাওরের প্রতিবেশগত সংকটাপন্ন (ইসিএ) ও সংরক্ষিত এলাকায় প্রবেশ করায় তিনটি হাউসবোটকে জরিমানা করেছে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর।

Advertisement

সোমবার (১০ আগস্ট) বিকেলে টাঙ্গুয়ার হাওরের তাহিরপুর উপজেলা অংশে পরিচালিত যৌথ অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

সংরক্ষিত এলাকায় অবৈধ প্রবেশ এবং পরিবেশ দূষণের অভিযোগে সেভেন স্টার, বঙ্গতরী ও প্রভাত করের বোটসহ তিনটি হাউসবোটকে মোট ৮ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে হাউসবোটগুলোকে হাওরের নির্ধারিত পথ ধরে চলাচলের কড়া নির্দেশনা দেওয়া হয়।

সুনামগঞ্জ জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে পরিচালিত এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সাব্বির হোসেন শাওন। অভিযানকালে পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের পরিদর্শক মো. সাইফুল ইসলাম ও তাহিরপুর থানা-পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ অধিদপ্তর সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মোহাইমিনুল হক বলেন, টাঙ্গুয়ার হাওরে ভ্রমণের ক্ষেত্রে জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে কিছু নির্দিষ্ট নির্দেশনা জারি করা হয়েছিল। এই তিনটি হাউসবোট সেসব শর্ত অমান্য করায় জরিমানা করা হয়েছে। একই সঙ্গে তাদেরকে নির্ধারিত রুট অনুসরণের নির্দেশ দেওয়া হয়েছে।

টাঙ্গুয়ার হাওরের প্রাকৃতিক পরিবেশ ও জীববৈচিত্র্য রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

এদিকে অভিযান পরিচালনাকালে হাওরে বর্জ্য ফেলা বন্ধ ও পরিবেশ সুরক্ষায় পর্যটক ও হাউসবোট সংশ্লিষ্টদের সচেতন করা হয়। হাওরে ভ্রমণকারী পর্যটক ও হাউসবোট কর্মীদের মাঝে পরিবেশ সংরক্ষণবিষয়ক লিফলেট বিতরণ করা হয়।

রামসার সাইটখ্যাত টাঙ্গুয়ার হাওর দেশের অন্যতম গুরুত্বপূর্ণ জলাভূমি ও জীববৈচিত্র্য সমৃদ্ধ এলাকা। এর প্রাকৃতিক পরিবেশ রক্ষায় পর্যটন কার্যক্রম নিয়ন্ত্রণ ও সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত নির্দেশনাবলি মেনে চলার আহ্বান জানিয়েছে সুনামগঞ্জ জেলা প্রশাসন।