logo

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

দেশে ৪.১ মাত্রার ভূমিকম্প, উৎপত্তিস্থল সাতক্ষীরা

দেশে ৪ দশমিক ১ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। ভূমিকম্পের উৎপত্তিস্থল সাতক্ষীরার কলারোয়া। কেন্দ্র থেকে এর গভীরতা ১৫০ কিলোমিটার।

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) ভোর ৪টা ৩৬ মিনিটে এ ভূমিকম্প অনুভূত হয়। ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্প বিজ্ঞান কেন্দ্র (ইএমএসসি) এ তথ্য জানিয়েছে।

এ সময় সাতক্ষীরা, খুলনা, যশোরসহ আশপাশের এলাকা মৃদু কেঁপে ওঠে। তবে এখন পর্যন্ত হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

প্রসঙ্গত, ভূতাত্ত্বিক দিক থেকে বাংলাদেশ অত্যন্ত ঝুঁকিপূর্ণ। দেশটি ভারতীয়, ইউরেশীয় ও বার্মা—এই তিনটি সক্রিয় টেকটোনিক প্লেটের সংযোগস্থলে। বিজ্ঞানীরা বলছেন, ভারতীয় প্লেট বছরে ৬ সেন্টিমিটার উত্তর-পূর্বে, আর ইউরেশীয় প্লেট বছরে ২ সেন্টিমিটার উত্তর দিকে সরে যাচ্ছে। এই চলাচলেই নিয়মিত ছোট ও মাঝারি মাত্রার ভূমিকম্প ঘটে। 

বাংলাদেশে বগুড়া, ত্রিপুরা, শিলং-মালভূমি, ডাউকি ও আসামসহ একাধিক সক্রিয় ফল্ট আছে। বিশেষজ্ঞরা দেশটিকে ১৩টি ভূমিকম্পপ্রবণ এলাকায় ভাগ করেছেন। এর মধ্যে চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম ও সিলেটের জৈন্তাপুর সবচেয়ে ঝুঁকিপূর্ণ।