logo

ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ, সিরাজগঞ্জ
ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের রেল যোগাযোগ বন্ধ
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়। ছবি: এশিয়া পোস্ট

ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী স্টেশনে সিল্কসিটি ট্রেনের বগি লাইনচ্যুত হয়েছে। এতে ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এ ঘটনায় বিভিন্ন স্টেশনে একাধিক যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে, ফলে দুর্ভোগে পড়েছেন শত শত যাত্রী।

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা ১১টার দিকে সদর উপজেলার সদান্দপুর এলাকায় শহীদ এম মনসুর আলী স্টেশনে পৌঁছানোর পর হঠাৎ সিল্কসিটি এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়। তাৎক্ষণিকভাবে ট্রেনটির শিকল টেনে গতি থামানো হলে বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়।

যমুনা সেতু পশ্চিম (সয়দাবাদ) রেলস্টেশনের স্টেশন মাস্টার মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা সিল্কসিটি এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাচ্ছিল। মনসুর আলী স্টেশনে প্রবেশের সময় ট্রেনটির একটি বগি লাইনচ্যুত হয়। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

সিরাজগঞ্জ বাজার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম জানান, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ায় ঢাকার সঙ্গে উত্তরাঞ্চলের রেল যোগাযোগ সাময়িকভাবে বন্ধ রয়েছে। বিভিন্ন স্টেশনে যাত্রীবাহী ট্রেন আটকা পড়েছে। লাইনচ্যুত বগি উদ্ধার করে রেলপথ সচল করতে উদ্ধারকারী দল কাজ করছে। উদ্ধারকাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে।

একমাত্র রেললাইন বন্ধ হয়ে যাওয়ায় ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। উল্লাপাড়া রেলওয়ে স্টেশনের স্টেশন মাস্টার মো. রফিকুল ইসলাম জানান, চিলাহাটি এক্সপ্রেস উল্লাপাড়ায় আটকা রয়েছে। এ ছাড়া যমুনা সেতুর পূর্বপাড়ে একতা, রংপুর, নীলসাগর ও ভুরুঙ্গামারী এক্সপ্রেসসহ কয়েকটি ট্রেন বিভিন্ন স্টেশনে অপেক্ষমাণ রয়েছে।

দুর্ঘটনার পর ঈশ্বরদী থেকে রিলিফ ট্রেন পাঠানো হয়েছে। উদ্ধারকাজ শেষ করতে অন্তত তিন ঘণ্টা সময় লাগতে পারে বলে জানিয়েছেন পাকশী বিভাগের যান্ত্রিক প্রকৌশলী রবিউল ইসলাম।

এদিকে, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগের পরিবহন কর্মকর্তা মোশারফ হোসেন ভূইয়াকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। তদন্ত কমিটির বাকি সদস্যরা হলেন, পাকশী বিভাগীয় রেলওয়ের প্রকৌশলী-২ নাজিব কায়সার, পাকশী বিভাগীয় রেলওয়ের যান্ত্রিক প্রকৌশলী (ক্যারেজ) রবিউল ইসলাম (লোকো) শেখ আসিফ আহমেদ, পাকশী বিভাগীয় রেলওয়ের সংকেত ও টেলিযোগাযোগ প্রকৌশলী (টেলিকম) আহমেদ ইশতিয়াক জহর তানিম।

পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) আবু হেনা মোস্তফা আলম জানান, প্রাথমিকভাবে যান্ত্রিক ত্রুটির কারণেই বগিটি লাইনচ্যুত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ শেষে পর্যায়ক্রমে ট্রেন চলাচল স্বাভাবিক করা হবে।