প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হওয়ায় কালীগঞ্জে রাশেদ খানকে সংবর্ধনা

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী হিসেবে নিয়োগ পাওয়ায় রাশেদ খানকে সংবর্ধনা দিয়েছে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা ও পৌর বিএনপি।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সন্ধ্যায় কালীগঞ্জের ভূষণ স্কুল মাঠসংলগ্ন জেলা পরিষদ অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে স্থানীয় বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা রাশেদ খানকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানে রাশেদ খান বলেন, দলের মধ্যে কোনো ধরনের গ্রুপিং চলবে না। প্রধানমন্ত্রী তারেক রহমান দলের নেতাকর্মীদের কর্মকাণ্ডের ওপর কঠোর নজর রাখছেন। আগামী স্থানীয় সরকার নির্বাচনে দল যাকে মনোনয়ন দেবে, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
কালীগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আলহাজ আতিয়ার রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট এম এ মজিদ এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা।
উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক হামিদুল ইসলাম হামিদের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপি নেতা তবিবুর রহমান মিনি ও শামসুল ইসলাম, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহবুবুর রহমান মিলন এবং ছাত্রদল নেতা মারুফ বিল্লাহ।
এ ছাড়া জেলা, উপজেলা ও পৌর বিএনপি, যুবদল এবং ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
.png)






