এক সপ্তাহে একই ইউনিয়নে দুই ডাকাতি, আতঙ্কে এলাকাবাসী

চট্টগ্রামের পটিয়া উপজেলায় পুলিশ পরিচয়ে এক প্রবাসীর বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল দুটি ঘর থেকে নগদ টাকা ও পাঁচ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে। এ সময় প্রমাণ মুছে ফেলতে তারা সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে এবং হার্ডডিস্ক নিয়ে যায়।
রোববার (৩০ আগস্ট) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার কচুয়াই ইউনিয়নে এ ঘটনা ঘটে। এ নিয়ে এক সপ্তাহের ব্যবধানে একই ইউনিয়নে দুটি ডাকাতির ঘটনা ঘটল।
ভুক্তভোগীদের বিবরণ অনুযায়ী, রাত আড়াইটার দিকে পুলিশ পরিচয় দিয়ে ৪-৫ জনের একটি দল ঘরে প্রবেশ করে। তারা ভেতরে ঢুকেই পরিবারের সদস্যদের জিম্মি করে এবং গলায় ধারালো ছুরি ধরে আলমারি খুলে স্বর্ণ ও টাকা লুট করে। পরে পার্শ্ববর্তী আরও একটি ঘরে একই কায়দায় লুটপাট চালায় তারা। যাওয়ার সময় তারা সিসিটিভি ক্যামেরা ভেঙে হার্ডডিস্ক সাথে নিয়ে যায়।
পটিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জিয়াউল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রবাসীর বাড়িতে ডাকাতির বিষয়টি পুলিশ জানতে পেরেছে; তবে ভুক্তভোগীদের পক্ষ থেকে এখনও কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
তিনি আরও জানান, ডাকাত দলটি ঘটনার আগেই বাড়িটি রেকি করেছিল বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি টের পেয়েও পরিবারের সদস্যরা পুলিশকে জানাননি, এমনকি ঘটনার ১২ ঘণ্টা পার হওয়ার পরও পুলিশের সঙ্গে কোনো যোগাযোগ করেননি।
এর আগে, গত বুধবার (২৬ আগস্ট) কচুয়াই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের চক্রশালা গ্রামের সাবেক ইউপি সদস্য প্রবীর ভট্টাচার্যের বাড়িতে আরেকটি ডাকাতির ঘটনা ঘটে। সেদিন ৭-৮ জনের একদল মুখোশধারী সশস্ত্র ডাকাত ঘরে ঢুকে সাড়ে ৭ লাখ টাকা ও ৬ ভরি স্বর্ণালংকার লুট করে। এতে বাধা দিতে গেলে অবসরপ্রাপ্ত পুলিশ সাব-ইন্সপেক্টর বাবুল ভট্টাচার্যকে হাত-পা বেঁধে লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে তারা।
ওসি জিয়াউল হক জানান, সাবেক ইউপি সদস্যের বাড়িতে ডাকাতির ঘটনায় ইতিমধ্যে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।



