logo

পদ্মায় বাসডুবি: নিহতদের স্মরণে দৌলতদিয়ায় দোয়া মাহফিল

পদ্মায় বাসডুবি: নিহতদের স্মরণে দৌলতদিয়ায় দোয়া মাহফিল

রাজবাড়ীর দৌলতদিয়া ফেরিঘাটে ভয়াবহ বাসডুবির ঘটনায় নিহতদের স্মরণে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। স্থানীয়দের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শোকাবহ পরিবেশে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) জুমার নামাজ শেষে দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাট এলাকায় এ দোয়া মাহফিলের আয়োজন করেন গোয়ালন্দ কৃষক দলের সহসভাপতি ছালাম মোল্লা ও এলাকাবাসী। এতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। দোয়া মাহফিলে উপস্থিত মুসল্লিরা নিহতদের আত্মার শান্তি কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন। একই সঙ্গে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আয়োজক ছালাম মোল্লা বলেন, গত ২৫ মার্চ দৌলতদিয়া ৩ নম্বর ফেরিঘাটে সৌহার্দ্য পরিবহনের একটি যাত্রীবাহী বাস পন্টুন থেকে নদীতে পড়ে গেলে মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটে। এতে ২৬ জন প্রাণ হারান। নিহতদের স্মরণে এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে। তিনি আরও জানান, অনুষ্ঠানে প্রায় ৮০০ মানুষের তবারকের ব্যবস্থা করা হয়।

গোয়ালন্দ উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক হালিম ফকির জানান, এ দুর্ঘটনায় বহু পরিবার তাদের স্বজন হারিয়েছে। তিনি আল্লাহর কাছে নিহতদের জন্য দোয়া করার পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা এড়াতে ঘাটের নিরাপত্তা ব্যবস্থার উন্নয়নের দাবি জানান।

অনুষ্ঠানে বক্তারা বলেন, দৌলতদিয়া ফেরিঘাট দেশের একটি গুরুত্বপূর্ণ নৌপথ হওয়ায় এখানে যাত্রী ও যানবাহনের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আরও কার্যকর পদক্ষেপ গ্রহণ জরুরি।