logo
Advertisement

কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,কুড়িগ্রাম
কুড়িগ্রামে পুকুরে ডুবে খালাতো ভাই-বোনের মৃত্যু
পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর পর স্বজনদের আহাজারি। ছবি : এশিয়া পোস্ট

কুড়িগ্রামের কচাকাটা থানার কেদার ইউনিয়নে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (৭ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢলুয়াবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু সম্পর্কে খালাতো ভাই-বোন।

নিহতরা হলো—চর বিষ্ণুপুর গ্রামের মমিনুর ইসলামের ছেলে সিয়াম (৮) এবং খামার গ্রামের দুলালের মেয়ে মোফাসসিরা (৭)। তারা পরিবারের সঙ্গে ঢলুয়াবাড়ী গ্রামের নানির বাড়িতে বেড়াতে এসেছিল।

স্বজন আবু বক্কর সিদ্দিক জানান, বেলা ১১টার দিকে সিয়াম ও মোফাসসিরাসহ প্রতিবেশী আরেক শিশু বাড়ির পাশের পুকুরে মাছ ধরতে নামে। তারা ছেঁড়া মশারি দিয়ে জাল তৈরি করে মাছ ধরছিল। একপর্যায়ে সিয়াম ও মোফাসসিরা পানিতে ডুবে যায়। সঙ্গে থাকা প্রতিবেশী শিশুটি বিষয়টি কাউকে না জানিয়ে বাড়িতে চলে যায়।

পরে দুপুর ১টার দিকে স্থানীয় কয়েকজন পুকুরে সিয়ামের মরদেহ ভাসতে দেখেন। খবর পেয়ে পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন সেখানে গিয়ে প্রথমে সিয়ামের মরদেহ উদ্ধার করেন। পরে পানির নিচ থেকে মোফাসসিরার মরদেহ উদ্ধার করা হয়।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অর্পণ কুমার দাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।