logo

হবিগঞ্জে ৪০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৩

হবিগঞ্জে ৪০ বস্তা সরকারি চাল জব্দ, আটক ৩
হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকা থেকে জব্দ করা সরকারি চালের বস্তাভর্তি ইজিবাইক। ছবি: ভিডিও থেকে নেওয়া

হবিগঞ্জ শহরের কামড়াপুর এলাকা থেকে তিনটি ইজিবাইকে করে নেওয়ার সময় খাদ্যবান্ধব কর্মসূচির ৪০ বস্তা সরকারি চাল জব্দ করেছে পুলিশ। এ সময় তিন ইজিবাইকচালককে আটক করা হয়েছে। তবে চাল সরবরাহকারী ডিলার হালিম মিয়া পলাতক রয়েছেন।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে হবিগঞ্জ সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) হাবিবের নেতৃত্বে একদল পুলিশ কামড়াপুর এলাকায় অভিযান চালায়। এ সময় তিনটি ইজিবাইকে থাকা ২০ কেজি ওজনের ৪০ বস্তায় মোট ৮০০ কেজি সরকারি চাল জব্দ করা হয় এবং চাল বহনকারী তিন ইজিবাইকচালককে আটক করা হয়। তাৎক্ষণিকভাবে আটককৃতদের পরিচয় জানা যায়নি।

Advertisement

পুলিশ জানায়, জিজ্ঞাসাবাদে আটক চালকেরা জানিয়েছেন, দুর্লভপুর এলাকার খাদ্যবান্ধব কর্মসূচির ডিলার হালিম মিয়া তাদের এসব চাল দিয়েছেন। ঘটনার পর থেকেই ওই ডিলার পলাতক রয়েছেন।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল হক বলেন, ডিলার সরকারি চাল অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে শহরে নিয়ে আসার চেষ্টা করছিলেন। খবর পেয়ে পুলিশ অভিযান চালিয়ে ২০ কেজি ওজনের ৪০ বস্তা চাল জব্দ করে। এ ঘটনায় তিন ইজিবাইকচালককে আটক করা হয়েছে এবং একটি মামলা দায়ের করা হয়েছে।