logo

ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার’ বাবু খুন

ন্যাড়া বাহিনীর প্রধান ‘কিলার’ বাবু খুন

নারায়ণগঞ্জের ফতুল্লায় ন্যাড়া বাহিনীর প্রধান রিয়াজ উদ্দিন বাবু ওরফে ‘কিলার বাবু’ দুর্বৃত্তের ছুরিকাঘাতে খুন হয়েছেন। এ সময় লিটন নামে তার সহযোগী আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৫ মার্চ) ভোর ৪টায় ফতুল্লার পঞ্চবটি মোড়ে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াজ উদ্দিন বাবু ওরফে কিলার বাবু ফতুল্লার লালপুর পৌষাপুকুরপাড় এলাকার মৃত হাফিজ উদ্দিনের ছেলে।

পুলিশ সূত্রে জানা যায়, বাবু ‘ন্যাড়া বাহিনী’ নামে একটি গ্যাং চালাতেন। তারা ঢাকা-নারায়নগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগ থেকে লোহার মার্কেট পর্যন্ত ছিনতাইয়ে সক্রিয়। বাবুর নামে ৫টি হত্যা, ছিনতাইসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একাধিক মামলা রয়েছে। তিনি ফতুল্লা থানার তালিকাভুক্ত সন্ত্রাসী।

স্থানীয়রা জানান, দুর্বৃত্তের ছুরিকাঘাতে বাবু ও লিটন আহত হলে স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে খানপুর ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসক বাবুকে মৃত ঘোষণা করেন। লিটনের অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিরাজ হোসেন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, ছিনতাইয়ের টাকা ভাগাভাগির দ্বন্দ্বে তাদের গ্রুপের মধ্যে এ হত্যাকাণ্ড ঘটতে পারে। হত্যাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।