‘আপত্তির মুখে’ ফরিদপুরে ডা. মঞ্জুর এলাহীর পদায়ন বাতিল

ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে ডা. এস এম মঞ্জুর এলাহীর বদলি ও পদায়নের আদেশ বাতিল করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগ। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) জারি করা এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়েছে, স্বাস্থ্যসেবা বিভাগের স্মারকমূলে ডা. এস এম মঞ্জুর এলাহী, স্বাস্থ্য অধিদপ্তর, মহাখালী, ঢাকাকে ফরিদপুরের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) হিসেবে বদলি/পদায়নের ক্ষেত্রে তার জন্য প্রযোজ্য অংশ নির্দেশক্রমে বাতিল করা হলো।
মঞ্জুর এলাহীর পদায়ন নিয়ে আপত্তি জানিয়ে গত রোববার ফরিদপুরে বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়। জেলা শহরের ব্রাহ্ম সমাজ সড়কের পশ্চিম পাশে অবস্থিত সিভিল সার্জন কার্যালয়ে সামনে এই কর্মসূচি পালন করা হয়। বিক্ষোভকারীরা কার্যালয়ে আসা কর্মকর্তা-কর্মচারীদের বের করে দিয়ে প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন। প্রায় দেড় ঘণ্টা ধরে চলা কর্মসূচিতে তারা ডা. এস এম মঞ্জুর এলাহীর পদায়ন বাতিলের দাবি জানান।
এ সময় বিক্ষোভকারীরা ‘ফ্যাসিবাদের আস্তানা ফরিদপুরে হবে না’, ‘ভেঙে দাও, গুঁড়িয়ে দাও ফ্যাসিবাদের আস্তানা’, ‘ফরিদপুরে হবে না আওয়ামী লীগের ঠিকানা’ এবং ‘ফরিদপুরের সিভিল সার্জন হিসেবে মঞ্জুর এলাহিকে মানি না, মানবো না’—এসব স্লোগান দেন।
বিক্ষোভকারীরা মঞ্জুর এলাহীকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে তার পদায়নের বিরোধিতা করেন। এ অভিযোগের বিষয়ে মঞ্জুর এলাহীর বক্তব্য জানতে তার ব্যবহারকৃত ফোনে কল দিয়ে তাৎক্ষণিক বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে ফরিদপুরের বর্তমান সিভিল সার্জন মো. মাহমুদুল হাসান এশিয়া পোস্ট কে বলেন, ডা. এস এম মঞ্জুর এলাহীর পদায়ন ও বদলি বাতিল করা হয়েছে। এ সংক্রান্ত প্রজ্ঞাপনটি হাতে পেয়েছি।


