বুড়িমারী সীমান্তে ১২ জনকে পুশইনের চেষ্টা, রুখে দিল বিজিবি

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী বামনদল সীমান্ত দিয়ে নারী-শিশুসহ ১২ জনকে বাংলাদেশে পুশইনের চেষ্টা ব্যর্থ করেছে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। পরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাধ্য হয়ে তাদের অভ্যন্তরে নিয়ে যায়ে।
রোববার (১৮ অক্টোবর) ভোরে বুড়িমারী ইউনিয়নের বামনদল সীমান্তের ৮৩৮/১ নম্বর মূল পিলারের কোশালডাঙ্গা এলাকা দিয়ে এ চেষ্টা চালানো হয়। এ সময় দুই শিশু, দুই নারী ও আট পুরুষকে একযোগে বাংলাদেশে পুশইনের চেষ্টা করে বিএসএফ।
বিজিবি জানায়, খবর পাওয়ার পরপরই সীমান্তে অবস্থান নেয় বিজিবির টহল দল। বিজিবির জোরালো বাধার মুখে বিএসএফ ওই ১২ জনকে বাংলাদেশে ঠেলে পাঠাতে ব্যর্থ হয়। বিজিবির বাধায় ব্যর্থ হওয়া ওই ১২ জন বর্তমানে বাংলাদেশ-ভারত সীমান্তের প্রায় ১০০ গজ ভেতরে ভারতের কোশালডাঙ্গা এলাকায় অবস্থান করছেন। তাদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ ঠেকাতে বুড়িমারী সীমান্তে বিজিবির টহল ও কড়া নজরদারি জোরদার করা হয়েছে।
৬১ বিজিবি তিস্তা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. শাহিনুল ইসলাম জানান, বিএসএফের এ পুশইন চেষ্টার তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। একই সঙ্গে বিজিবির পক্ষ থেকে পতাকা বৈঠকের আহ্বান করা হয়েছে। পতাকা বৈঠকের মাধ্যমে বিষয়টি দ্রুত সমাধানের চেষ্টা চলছে।