জয়পুরহাটে যুবককে পিটিয়ে হত্যা

জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার মামুদপুর ইউনিয়নে চোর সন্দেহে দুই যুবককে বেধড়ক মারধর করা হয়। এর মধ্যে লাল বাদশা (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। আহত মাইদুল (১৮) নামে অপর যুবককে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত লাল বাদশা আলমপুর ইউনিয়নের আলমপুর আদর্শ গ্রামের জামাল হোসেনের ছেলে এবং আহত মাইদুল একই এলাকার ইব্রাহিম হোসেনের ছেলে। স্থানীয় সূত্রে জানা গেছে, তারা দুজন পরস্পর বন্ধু।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার (১৫ আগস্ট) সকালে মামুদপুর ইউনিয়নের মহব্বতপুর পদ্মপুকুর এলাকার একটি রাস্তার মাঠের পাশে দুই যুবককে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা। পরে ক্ষেতলাল থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাল বাদশাকে মৃত অবস্থায় এবং মাইদুলকে জীবিত উদ্ধার করে। মাইদুলকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে দ্রুত ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
হাসপাতালে চিকিৎসাধীন মাইদুলের দাবি, জামালগঞ্জ চারমাথা এলাকা থেকে কয়েকজন ব্যক্তি তাদের ডেকে নিয়ে একটি নির্জন বাড়িতে বন্দি করে রাখে। সেখানে তাদের ওপর বেধড়ক মারধর ও অমানুষিক নির্যাতন চালানো হয়। একপর্যায়ে দুজন অচেতন হয়ে পড়লে হামলাকারীরা তাদের মাঠের পাশে ফেলে রেখে পালিয়ে যায়।
ক্ষেতলাল থানার অফিসার ইনচার্জ (ওসি ) মুক্তারুল আলম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একজনকে মৃত ও অপরজনকে আহত অবস্থায় উদ্ধার করে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, চোর সন্দেহে তাদের ওপর এই নির্যাতন চালানো হয়েছে। এ ছাড়া অন্য কোনো কারণ থাকলে সেটিও পুলিশ উদ্ঘাটন করছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান শুরু করেছে।


