জঙ্গল সলিমপুরে র্যাব সদস্য হত্যা: আরও ৩ জনসহ ২০ আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের সীতাকুণ্ড এলাকার জঙ্গল সলিমপুরে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্য ডিএডি আব্দুল মোতালেব হত্যা মামলায় মোট ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এর মধ্যে ৩ জনকে শুক্রবার (২৭ মার্চ) গ্রেপ্তার করা হয়। আসামিদের মধ্যে ১৩ জনকে র্যাব এবং ৭ জনকে গ্রেপ্তার করে পুলিশ।
শনিবার (২৮ মার্চ) র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) এআরএম মোজাফ্ফর হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, র্যাব-১১-এর যৌথ অভিযানে নোয়াখালীর কবিরহাট থেকে মো. পারভেজ, চট্টগ্রামের পাহাড়তলী থেকে মো. বেলাল এবং বায়েজিদ বোস্তামী এলাকা থেকে সাইদুল ইসলামকে শুক্রবার গ্রেপ্তার করা হয়। এর আগে ২৩ মার্চ সীতাকুণ্ডের ফৌজদারহাট এলাকা থেকে মিজানুর রহমান সোহান নামে আরেক আসামিকে গ্রেপ্তার করা হয়। এর মধ্যে তিনজন এজহারভুক্ত আসামি। বেলাল তদন্তে প্রাপ্ত আসামি।
গত ১৯ জানুয়ারি জঙ্গল সলিমপুর এলাকায় অস্ত্রধারী সন্ত্রাসীদের ধরতে অভিযানে যায় র্যাবের একটি দল। তখন সন্ত্রাসীদের হামলায় চার র্যাব সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে চট্টগ্রাম সিএমএইচে নেওয়া হলে চিকিৎসক ডিএডি আব্দুল মোতালেবকে মৃত ঘোষণা করেন। এই হত্যাকাণ্ডের পর সীতাকুণ্ড থানায় ২৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ১৫০ থেকে ২০০ জনকে আসামি করে মামলা করা হয়। গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ২০ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
র্যাব কর্মকর্তা মোজাফ্ফর হোসেন জানান, গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। এই হত্যা মামলার বাকি আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।