logo

সারের ডিলারশিপ নিয়ে ক্ষোভ, সেই যুবদল নেতাকে অব্যাহতি

সারের ডিলারশিপ নিয়ে ক্ষোভ, সেই যুবদল নেতাকে অব্যাহতি
সাদ্দাম হোসেন। ছবি : ফেসবুক থেকে পাওয়া

সারের ডিলারশিপ না পেয়ে দলীয় পদ ছাড়ার ঘোষণা দেওয়ার এক দিন পর মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেনকে সংগঠনের সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

রোববার (১১ অক্টোবর) জেলা যুবদলের সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন বিষয়টি নিশ্চিত করেন।

জেলা যুবদলের আহ্বায়ক কাজী মোস্তাক হোসেন দীপু ও সদস্যসচিব তুহিনুর রহমান তুহিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড ও দলের ভাবমূর্তি ক্ষুণ্ন করার অভিযোগে সাদ্দাম হোসেনকে দড়গ্রাম ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে দলের প্রাথমিক সদস্যপদসহ সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়।

এর আগে, শনিবার সারের ডিলারশিপ না পাওয়ার ক্ষোভে বিএনপির অঙ্গসংগঠনের সব পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট দেন সাদ্দাম। তার দাবি, তাদের পরিবার প্রায় ৪০ বছর ধরে সারের ব্যবসার সঙ্গে যুক্ত। তবে নতুন ডিলার নিয়োগের ক্ষেত্রে তাদের মূল্যায়ন করা হয়নি।

এ বিষয়ে সাদ্দাম হোসেন বলেন, আমি নিজেই দলের সব পদ থেকে গতকাল পদত্যাগের ঘোষণা দিয়েছিলাম। জেলা যুবদলের প্যাডে আমাকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে, সেটি আমি দেখেছি।