Advertisement

বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ

এশিয়া পোস্ট নিউজ, বগুড়া
বগুড়ায় আওয়ামী লীগ নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ
নিহত মোসলেম উদ্দিন প্রামানিক। ছবি: সংগৃহীত

বগুড়ার সারিয়াকান্দি উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে মোসলেম উদ্দিন প্রামানিক (৬২) নামে

Advertisement

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

সোমবার (৩ আগস্ট) রাতে উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া গ্রামে হামলার এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মঙ্গলবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

নিহত মোসলেম উদ্দিন উপজেলার কাজলা ইউনিয়নের পাকুড়িয়া চর গ্রামের মৃত আব্দুল মান্নান প্রামানিকের ছেলে। তিনি সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত সদস্য ও কাজলা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ছিলেন।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, একই গ্রামের দুদু সরকারের ছেলে নান্টু সরকারের সঙ্গে মোসলেম উদ্দিনের জমিজমা ও গোচারণভূমি বিক্রি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। সোমবার রাত আটটার দিকে পাকুড়িয়া বাজার থেকে চা খেয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পথে নান্টু সরকারের নেতৃত্বে কয়েকজন তার পথরোধ করে দেশীয় অস্ত্র দিয়ে হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। হামলায় লোহার রডের আঘাতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে প্রথমে সারিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরবর্তীতে অবস্থার অবনতি হলে রাত ১টার দিকে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের ভাই ও কাজলা ইউনিয়ন পরিষদের সদস্য শাহজাহান আলী বলেন, আমার ভাই শান্ত স্বভাবের মানুষ ছিলেন। গোচারণভূমি বিক্রি নিয়ে নান্টু সরকারের লোকজনের সঙ্গে বিরোধ চলছিল। সেই বিরোধের জেরেই তাকে একা পেয়ে হামলা করা হয়েছে।

সারিয়াকান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ ফ ম আসাদুজ্জামান বলেন, সাবেক সেনাসদস্যের মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে অভিযান চলছে এবং তাদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

বিষয় :