লক্ষ্মীপুরে বিএনপি নেতার পিকআপে আগুন, মামলা

লক্ষ্মীপুরের চন্দ্রগঞ্জ উপজেলার মান্দারী বাজার ফিশারি এলাকায় বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের একটি পিকআপে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এ ঘটনায় থানায় মামলা করেছেন তিনি।
বুধবার (২৫ নভেম্বর) ভোর রাতে পশ্চিম মান্দারী বাজারে একটি গ্যারেজের সামনে আগুন দেওয়ার ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, বিএনপি নেতা জাহাঙ্গীর আলমের পিকআপটি মেরামতের জন্য গ্যারেজের সামনে রাখা ছিল। বুধবার ভোর রাতে হঠাৎ পিকআপটির সামনের অংশে আগুন জ্বলতে দেখেন তারা। পরে বাজারের ব্যবসায়ীদের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
তারা জানান, দুর্বৃত্তরা পিকআপে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়। এতে গাড়িটির সামনের ও পেছনের বেশ কিছু অংশ পুড়ে যায়। খবর পেয়ে চন্দ্রগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
দিঘলী ইউনিয়ন বিএনপির নেতা জাহাঙ্গীর আলম অভিযোগ করে জানান, আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার পিকআপে পেট্রোল ঢেলে আগুন দিয়েছে। এতে গাড়িটির সামনের ও পেছনের বেশ কিছু অংশ পুড়ে গেছে। এ ঘটনায় তিনি থানায় মামলা করেছেন।
চন্দ্রগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রব বলেন, নাশকতার উদ্দেশ্যে আতঙ্ক ছড়াতে পিকআপে আগুন দেওয়া হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় মামলা হয়েছে।
জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানান ওসি আবদুর রব।
