logo

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ২০

যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, আহত ২০
ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে দুর্ঘটনাকবলিত বাস। ছবি: এশিয়া পোস্ট

মাদারীপুরের ডাসারে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে যাত্রীবাহী বাসের ধাক্কায় অন্তত ২০ জন আহত হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের কর্ণপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর মহাসড়কে কিছু সময় যান চলাচল বন্ধ থাকলেও হাইওয়ে পুলিশের তৎপরতায় প্রায় আধা ঘণ্টা পর পরিস্থিতি স্বাভাবিক হয়।

হাইওয়ে পুলিশ ও স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, লাবিবা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে বরিশালের উদ্দেশে যাচ্ছিল। বাসটি ডাসারের কর্ণপাড়া এলাকায় পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারান। মুহূর্তেই বাসটি মহাসড়কের ডান পাশে থাকা একটি গাছের সঙ্গে সজোরে ধাক্কা খায়। এতে বাসের অন্তত ২০ জন যাত্রী আহত হন।

দুর্ঘটনার পর স্থানীয় বাসিন্দারা দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করেন এবং পরে তাদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

দুর্ঘটনার কারণে মহাসড়কে যান চলাচল ব্যাহত হলেও খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত বাসটি সরিয়ে নিলে যান চলাচল স্বাভাবিক হয়।

মাদারীপুরের কালকিনি ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা খোকন জমাদ্দার বলেন, অল্পের জন্য যাত্রীরা বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছেন। কয়েকজন আহত হলেও সবাই শঙ্কামুক্ত রয়েছেন।

মোস্তফাপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মারুফ রহমান বলেন, একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেলে কয়েকজন আহত হন। ঘটনাস্থলে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।