চানগাঁও রেলক্রসিং/৪ শিক্ষার্থীর পর এবার ওষুধ কোম্পানি কর্মকর্তার প্রাণ গেল অরক্ষিত রেলক্রসিংয়ে

কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার রতনপুরে অরক্ষিত রেলক্রসিং পার হওয়ার সময় পাহাড়িকা এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় জিহাদুল ইসলাম (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। ওই পয়েন্টে পূর্বেও ৪ জন শিক্ষার্থী প্রাণ হারালেও এখনো কোনো নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি।
মঙ্গলবার (৬ অক্টোবর) দুপুরে উপজেলার রতনপুর এলাকার চানগাঁও রেলক্রসিংয়ে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জিহাদুল ছোট শরীফপুর ডিগ্রি কলেজের স্নাতক (সম্মান) ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি তিনি হেকেম লিমিটেড নামে একটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানে লালমাই উপজেলার এরিয়া ফিল্ড অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
স্থানীয় বাসিন্দারা জানান, রতনপুরের চানগাঁও এলাকার এ রেলক্রসিংয়ে দীর্ঘদিন ধরে কোনো গেটম্যান বা নিরাপত্তাবেষ্টনী নেই। ফলে প্রতিদিন ঝুঁকি নিয়েই পথচারী, মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহন রেললাইন পারাপার করে। মঙ্গলবার দুপুরে জিহাদুল ইসলাম মোটরসাইকেল নিয়ে রেলক্রসিং অতিক্রম করার সময় ঢাকা থেকে চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
রতনপুর এলাকার বাসিন্দা আজাদ হোসেন অভিযোগ করে বলেন, গুরুত্বপূর্ণ এই রেলক্রসিংয়ে কোনো গেট, গেটম্যান বা সতর্কতামূলক ব্যবস্থা না থাকায় প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর আগেও এখানে একাধিক ছোট-বড় দুর্ঘটনা ঘটেছে।
বারপাড়া এলাকার বাসিন্দা জসিম ক্ষোভ প্রকাশ করে বলেন, এখানে এর আগেও ৪ জন স্কুলপড়ুয়া শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিরাপত্তার ন্যূনতম ব্যবস্থা না থাকায় আজ আরও এক কর্মজীবী মানুষের প্রাণ গেল। আর কত প্রাণ গেলে কর্তৃপক্ষের টনক নড়বে?
বারপাড়া ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবু তাহের বলেন, রতনপুর রেলক্রসিংয়ে দ্রুত গেট স্থাপন ও গেটম্যান নিয়োগের পাশাপাশি সতর্কতামূলক সাইনবোর্ড টাঙাতে হবে। একই সঙ্গে অন্যান্য অরক্ষিত রেলক্রসিংগুলো চিহ্নিত করে সেখানেও প্রয়োজনীয় নিরাপত্তাব্যবস্থা নিশ্চিত করার জোর দাবি জানাচ্ছি।
কুমিল্লা রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (উপপরিদর্শক) সোহেল মোল্লা জানান, রেলক্রসিংটিতে কোনো গেটম্যান কিংবা সুরক্ষাবেষ্টনী না থাকায় এ দুর্ঘটনা ঘটেছে।
কুমিল্লা স্টেশন মাস্টার শেখ আনোয়ার হোসাইন বলেন, ওই স্থানে নিজ দায়িত্বেই পারাপার হতে হয়, সেখানে আমাদের কোনো লোকবল নেই। বিষয়টি নিয়ে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে কথা বলব।
