কুষ্টিয়ায় পীর হত্যা মামলায় আরও এক আসামি গ্রেপ্তার

কুষ্টিয়ার দৌলতপুরে পীর আবদুর রহমান ওরফে শামীম হত্যা মামলার এজাহারনামীয় আরেক আসামিকে গ্রেপ্তার করেছে র্যাব। গত দুই সপ্তাহে এ ঘটনায় ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) রাত ১১টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাজীব মিস্ত্রি দৌলতপুর উপজেলার পশ্চিম দক্ষিণ ফিলিপনগর গ্রামের গাজী মিস্ত্রির ছেলে। র্যাব-১২, সিপিসি-১ কুষ্টিয়া এবং র্যাব-৫-এর একটি যৌথ আভিজনিক দল এই অভিযান পরিচালনা করে।
অভিযান সূত্রে জানা গেছে, মামলার তদন্তকারী কর্মকর্তার রিকুইজিশনের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়। অবশেষে বৃহস্পতিবার রাতে রাজশাহীর গোদাগাড়ী থানা রোডের ‘নাসিম হেয়ার ড্রেসার’-এর সামনে থেকে রাজীব মিস্ত্রিকে গ্রেপ্তার করা হয়।
এ বিষয়ে র্যাব-১২ কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত সরকার ( পিপিএম) থেকে এশিয়া পোস্টকে বলেন, গ্রেপ্তারকৃত আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে। মামলার অন্যান্য আসামিদের ধরতেও অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে, গত ১০ এপ্রিল ফিলিপনগর ইউনিয়নের ইসলামপুর গ্রামের পীর কালান্দার শামীম জাহাঙ্গীরের একটি পুরোনো ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। ওই ভিডিওতে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে। এরই জেরে পরদিন ১১ এপ্রিল দুপুরে উত্তেজিত জনতা শামীম জাহাঙ্গীরের দক্ষিণ ফিলিপনগরস্থ আস্তানায় হামলা চালিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় নিহতের ভাই মো. ফজলুর রহমান বাদী হয়ে দৌলতপুর থানায় ৪ জনের নামে এবং ১৮০ থেকে ২০০ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে একটি মামলা দায়ের করেন। এ মামলায় এখন পর্যন্ত ৪ জনকে গ্রেপ্তার করা হয়েছে।