রাজা বাহাদুরের পা ভেঙে দিল জয়িতা, চিকিৎসায় থাইল্যান্ডের বিশেষজ্ঞ দল

এশিয়া পোস্ট নিউজ, গাজীপুর
রাজা বাহাদুরের পা ভেঙে দিল জয়িতা, চিকিৎসায় থাইল্যান্ডের বিশেষজ্ঞ দল
হাতি রাজা বাহাদুরের চিকিৎসা চলছে। গাজীপুর সাফারি পার্কে। সম্প্রতি তোলা। ছবি: এশিয়া পোস্ট

গাজীপুর সাফারি পার্কে ‘রাজু বাহাদুর’ নামে এক হাতি আহত হয়ে গুরুতর অবস্থায় রয়েছে। পার্কের আরেক হাতি ‘জয়িতার’ আক্রমণে এমন দশা তার। চিকিৎসা চলছে দেড় মাস ধরে। অবস্থার উন্নতি না হওয়ায় গঠন করা হয় মেডিকেল বোর্ড। থাইল্যান্ড থেকে আনা হয়েছে বিশেষজ্ঞ চিকিৎসক দল।

পার্ক সূত্র জানায়, চলতি বছরের ২৪ মে আহত হয় ১০ বছর বয়সি হাতি রাজা বাহাদুর। সেদিন পার্কের হাতিশালায় শিকলে বাঁধা ছিল সে। তাকে আক্রমণ করে চার বছর বয়সি জয়িতা। এতে রাজা বাহাদুর মাটিতে পড়ে যায় এবং পায়ে গুরুতর আঘাত পায়। ঘটনার পর একটি ক্রেন এনে হাতিটিকে সেখান থেকে তুলে বালুর ওপর রাখা হয়।

অন্য হাতির আক্রমণে মাটিতে পড়ে যাওয়ার কারণে রাজা বাহাদুরের পা ভেঙে যায় বলে চিকিৎসকরা নিশ্চিত করেছেন। এক্সরের মাধ্যমে পায়ের পরীক্ষা করা হয়েছে। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় গত ৪ জুন থাইল্যান্ড থেকে বিশেষজ্ঞ বন্যপ্রাণী চিকিৎসক দল আনা হয়। দেশের অভিজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একাধিক মেডিকেল বোর্ডের নিয়মিত পরামর্শ ও তত্ত্বাবধানে রাজা বাহাদুরের চিকিৎসা চলছে।

পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ মো. জুলকার নাইন বলেন, বাচ্চা হাতি হওয়ায় জয়িতাকে শিকলে বেঁধে রাখা হতো না। জয়িতার আক্রমণে শিকলে বাঁধা রাজা বাহাদুরের সামনে দুটি পা দুদিকে ছড়িয়ে যায়। তার একটি পা ভেঙে গেছে। অন্য একটি পায়েও আঘাত পেয়েছে।

তিনি জানান, বর্তমানে রাজা বাহাদুর দাঁড়াতে পারছে না। বর্তমান শারীরিক পরিস্থিতি ভালো নয়। বড় প্রাণী দীর্ঘদিন দাঁড়াতে না পারলে লিভারসহ অন্যান্য অর্গান ড্যামেজ হওয়ার আশঙ্কা থাকে। ধীরে-ধীরে অসুস্থতা বাড়তে থাকে।

হাতি রাজা বাহাদুরের চিকিৎসা চলছে। গাজীপুর সাফারি পার্কে। সম্প্রতি তোলা। ছবি: এশিয়া পোস্ট
হাতি রাজা বাহাদুরের চিকিৎসা চলছে। গাজীপুর সাফারি পার্কে। সম্প্রতি তোলা। ছবি: এশিয়া পোস্ট

রাজা বাহাদুরের দেশের চিকিৎসকদের সমন্বয়ে মেডিকেল বোর্ড গঠন করা হয়েছিল। শারীরিক অবনতি হওয়ায় থাইল্যান্ড থেকে দুই সদস্যের মেডিকেল টিম আনা হয়।

পার্কের বন্যপ্রাণী চিকিৎসক হাতেম সাজ্জাদ জানান, থাইল্যান্ডের মেডিকেল টিমের পরামর্শ ও দেশের মেডিকেল বোর্ডের যৌথ তত্ত্বাবধানে রাজা বাহাদুরের চিকিৎসা চলছে। পাশাপাশি শ্রীলঙ্কার চিকিৎসকদের সঙ্গেও পরামর্শ করা হয়েছে।

পার্কের একটি সূত্র জানায়, একসময় রাজা বাহাদুর নামের হাতিটিকে বিভিন্ন বাজারে চাঁদাবাজিতে ব্যবহার করা হতো। ২০২৫ সালের জানুয়ারি মাসে নারায়ণগঞ্জের কাঁচপুর থেকে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট হাতিটি উদ্ধার করে। বন বিভাগ হাতিটি উদ্ধার করে গাজীপুর সাফারি পার্কের হাতিশালায় নিয়ে আসে। উদ্ধারের সময় রাজা বাহাদুরের বয়স ছিল ৯ বছর।

পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা তারেক রহমান বলেন, রাজা বাহাদুরসহ পার্কে বর্তমানে মোট ১০টি হাতি রয়েছে। হাতিশালায় একটির সঙ্গে আরেকটির মাঝেমধ্যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। বাচ্চা হাতির আক্রমণে আহত রাজা বাহাদুর দাঁড়াতে পারছে না। থাইল্যান্ডের চিকিৎসক ও মেডিকেল বোর্ডের মাধ্যমে তার সার্বক্ষণিক চিকিৎসা চলছে।

বিষয় :গাজীপুর