logo

‘আমাদের মাকে ফিরিয়ে দাও’

‘আমাদের মাকে ফিরিয়ে দাও’

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সমাজকল্যাণ বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা হত্যায় জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন হয়েছে।

শনিবার (৭ মার্চ) সকাল ১০টায় কুষ্টিয়া প্রেস ক্লাবের সামনে এনএস রোডে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

এতে অংশ নেন রুনার স্বামী ইমতিয়াজ সুলতান, তাদের চার সন্তান, পরিবারের সদস্য, স্বজন, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, সাংস্কৃতিক কর্মী এবং ইসলামী বিশ্ববিদ্যালয়ের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা।
এ সময় প্ল্যাকার্ড হাতে দেখা যায় রুনার দুই মেয়েকে। এতে লেখা ছিল-‘মা হারা আমরা চার ভাইবোন। আমাদের মাকে ফিরিয়ে দাও।’ একটি প্ল্যাকার্ডের নিচে লেখা ছিল চার ভাই-বোনের নাম-তাইবা, বুশরা, সাজিদ ও আয়শা।

মানববন্ধনে বক্তারা বলেন, রুনা হত্যাকাকণ্ডের এজাহারভুক্ত আসামি ও মাস্টারমাইন্ড চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনতে হবে। মামলাকে ভিন্ন খাতে প্রবাহিত করা এবং আসামিদের গ্রেপ্তারে প্রশাসনিক কার্পণ্যতা প্রকাশ পেলে আগামীতে বৃহত্তর আন্দোলনের ডাক দেওয়া হবে।

গত বুধবার (৪ মার্চ) বিশ্ববিদ্যালয়ে নিজ দপ্তরে ছুরিকাঘাতে খুন হন রুনা। পর দিন ইসলামী বিশ্ববিদ্যালয় থানায় তার স্বামী মুহা. ইমতিয়াজ সুলতান একটি হত্যা মামলা করেন। মামলায় অফিস সহায়ক ফজলুর রহমানকে প্রধান করে বিভাগের সাবেক সভাপতি শ্যাম সুন্দর সরকার, সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস ও একই বিভাগের সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে আসামি করা হয়।