প্রধানমন্ত্রীকে টাকার মালা দিয়ে বরণ করল শিশু

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা এলাকায় দেখা গেল এক ব্যতিক্রমী দৃশ্য। সোমবার (২০ এপ্রিল) গাবতলীর বাগবাড়িতে পৈতৃক ভিটায় যাওয়ার পথে প্রধানমন্ত্রী তারেক রহমানকে টাকার মালা দিয়ে বরণ করেছে এক শিশু।
এ সময় প্রধানমন্ত্রী শিশুটির কাছ থেকে টাকার মালা গ্রহণ করেন। পরে তিনি সেটি শিশুটির গলায় পরিয়ে দেন। পাশাপাশি আরেকটি শিশুর মাথায় স্নেহভরে হাত বুলিয়ে দেন তিনি। এরপর রাস্তার পাশে অপেক্ষমাণ মানুষের উদ্দেশে বাস থেকেই সংক্ষিপ্ত বক্তব্য দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রী বলেন, বহু বছর পর এসেছি। এখন যাচ্ছি বাগবাড়ি। সেখানে গিয়ে খাল খনন করব, হামের টিকাদান কার্যক্রম শুরু করব। নির্বাচনের আগে বলেছিলাম মায়েদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেব, সেটিও আজ প্রদান করব।
তিনি আরও বলেন, আমি আপনাদেরই সন্তান। আগে নিয়মিত গাবতলীতে আসতাম। আপনারা দোয়া না করলে কে দোয়া করবে? ঘরের লোকের জন্য দোয়া করবেন। যাতে আমি সবার জন্য ভালো কাজ করতে পারি। আজ যাচ্ছি, তবে আবার আসব।