জমি নিয়ে দ্বন্দ্বে ১১২ বছরের বৃদ্ধকে কোপাল প্রতিপক্ষ

কুমিল্লার চৌদ্দগ্রামে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে আলতাফ আলী নামে ১১২ বছর বয়সি এক বৃদ্ধকে কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার কাশিনগর ইউনিয়নের যাত্রাপুর গ্রামে এ ঘটনা ঘটে। আহত বৃদ্ধ বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ঘটনায় আলতাফ আলীর মেয়ে আমেনা বেগম বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় সাতজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেছেন। অভিযুক্তরা হলেন- মনির, মোহাম্মদ আলী, পলাশ, আবুল খায়ের, আবদুল মন্নান, তাজুল ইসলাম মিঠু ও শরীফ।
জানা গেছে, আলতাফ আলীর পরিবারের সঙ্গে অভিযুক্তদের দীর্ঘদিন ধরে পৈতৃক জমি নিয়ে বিরোধ ও মামলা চলছিল। শুক্রবার দুপুরে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে বিতর্কিত জমি দখল করে স্থাপনা নির্মাণের চেষ্টা চালান। এ সময় আলতাফ আলী বাধা দিলে তাকে দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়িভাবে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়।
স্বজনদের দাবি, গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা আলতাফ আলীকে উদ্ধার করে প্রথমে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
আলতাফ আলীর মেয়ে আমেনা বেগম বলেন, আমার বাবা একজন শতবর্ষী অসহায় মানুষ। তিনি ঠিকমতো হাঁটাচলাও করতে পারেন না। দীর্ঘদিন ধরে প্রতিপক্ষ আমাদের জমি নিয়ে হয়রানি করে আসছে। শুক্রবার পরিকল্পিতভাবে জমি দখল করতে এলে বাবা বাধা দেন। তখন তারা বাবাকে কুপিয়ে আহত করেন। আমি বাবাকে বাঁচাতে গেলে আমার ওপরও হামলা চালানো হয় এবং শ্লীলতাহানির চেষ্টা করা হয়।
চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফ হোছাইন বলেন, বৃদ্ধকে মারধর ও আহত করার ঘটনায় একটি লিখিত অভিযোগ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
