বিএনপি ওপেনে ‘হ্যাঁ’ বললেও গোপনে ‘না’ ভোটের কার্যক্রম চালাচ্ছে : হাসনাত আবদুল্লাহ

আসন্ন গণভোটে বিএনপি প্রকাশ্যে ‘হ্যাঁ’ ভোটের পক্ষে অবস্থান নিলেও গোপনে ‘না’–এর কার্যক্রম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ।
রোববার (১ ফেব্রুয়ারি) রাতে রংপুরের কাউনিয়া মডেল প্রাথমিক বিদ্যালয় মাঠে রংপুর-৪ আসনের ১১ দলীয় জোট সমর্থিত প্রার্থী আখতার হোসেনের নির্বাচনি জনসভায় তিনি এ অভিযোগ করেন।
বিএনপির সমালোচনা করে হাসনাত আব্দুল্লাহ বলেন, বিএনপি প্রকাশ্যে গণভোটের পক্ষে থাকলেও ভেতরে ভিন্ন খেলা খেলছে। তিনি দলটিকে ‘ওপেন-গোপন’ খেলা বন্ধ করে জনতার কাতারে নেমে আসার আহ্বান জানান।
তিনি বলেন, অত্যন্ত পরিতাপের বিষয়, ভারতের যে রাজনৈতিক দলের বাংলাদেশ শাখা জাতীয় পার্টি ‘না’ ভোটের পক্ষে অবস্থান নিয়েছে। জাতীয় পার্টিকে এই ১২ তারিখ তাদের আনুষ্ঠানিক দাফন সম্পন্ন করতে হবে ভোটের মাধ্যমে। তারা অলরেডি মৃত, ১২ তারিখ হবে তাদের জানাজা।
এ সময় রংপুর-৪ আসনের ভোটারদের উদ্দেশে আখতার হোসেনকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে হাসনাত বলেন, আমরা চাঁদাবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই, টেন্ডারবাজদের অর্থ নিয়ে নির্বাচন করতে আসি নাই। আমরা ঋণ খেলাপীদের জীবনকে জাহান্নাম বানাইতে এসেছি। আমরা চাই জনতার ওপর নির্ভর করে, জনতার বৈধতা নিয়ে আক্তার হোসেন আগামীতে সংসদে যাক। সেজন্য আমরা চাই আগামী দশ দিন আপনারা আক্তার হোসেনের জন্য কাজ করবেন। আগামী পাঁচ বছর আখতার হোসেন আপনাদের খাদেম হয়ে থাকবে।
সভায় হাসনাত আবদুল্লাহ ছাড়াও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন, দলের মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, উত্তরাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক সাদিয়া ফারজানা, কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক মনিরা শারমিন, জামায়াতে ইসলামীর রংপুর মহানগরের আমির এ টি এম আজম খানসহ জামায়াতের অন্য নেতারা উপস্থিত ছিলেন।