logo

হাত মেলানোর পরই হাসিবের ওপর হামলা, সঙ্গে ছিলেন স্ত্রী

হাত মেলানোর পরই হাসিবের ওপর হামলা, সঙ্গে ছিলেন স্ত্রী
হামলার সময় সঙ্গে ছিলেন হাসিব আল ইসলামের স্ত্রী। ছবি : ভিডিও থেকে নেওয়া

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক ও জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি হাসিব আল ইসলামের ওপর হামলার অভিযোগ উঠেছে। অটোরিকশায় স্ত্রীকে নিয়ে ঘোরার সময় এক ব্যক্তির সঙ্গে হাত মেলানোর পরপরই তার ওপর হামলার ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার রাধানগর এলাকার বালিশিরা রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে।

ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বালিশিরা রিসোর্টের সামনের সড়ক দিয়ে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় ভিডিও ধারণকারী ব্যক্তি হাসিবকে উদ্দেশ করে গালাগাল করেন। অটোরিকশাটি থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং তাকে নিয়ে আবারও আপত্তিকর মন্তব্য করেন। একপর্যায়ে তিনি হঠাৎ হাসিবের ওপর ঝাঁপিয়ে পড়েন। তখন হাসিব অটোরিকশা থেকে নেমে দৌড়ে পালিয়ে যান। ভিডিওর শেষাংশে মাটিতে পড়া ছায়ায় হামলাকারীর হাতে চাপাতির মতো কোনো বস্তু থাকার ইঙ্গিত দেখা যায়।

পুলিশের কাছ থেকে প্রাথমিকভাবে পাওয়া তথ্য অনুযায়ী, এ হামলার সঙ্গে শ্রীমঙ্গল সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান ওরফে কালা হাবিবের জড়িত থাকার অভিযোগ পাওয়া গেছে। তার বাড়ি উপজেলার রাধানগর গ্রামে বলে জানা গেছে।

মৌলভীবাজার জেলা ছাত্রশক্তির সভাপতি খালেদ হাসান এশিয়া পোস্টকে বলেন, হাসিবের সঙ্গে থাকা নারী তার স্ত্রী। গত ৮ নভেম্বর তারা শ্রীমঙ্গলের বালিশিরা রিসোর্টে ওঠেন। মঙ্গলবার স্ত্রীকে সঙ্গে নিয়ে ইজিবাইকে ঘুরতে বের হলে হাসিবের ওপর হামলার ঘটনা ঘটে।

বালিশিরা রিসোর্টের ব্যবস্থাপক ইয়াসির আরাফাত স্বপন বলেন, হাসিব নামের ওই নেতা এক নারীকে সঙ্গে নিয়ে দম্পতি পরিচয়ে রিসোর্টে উঠেছিলেন। তবে হামলার ঘটনার পর থেকে তিনি আর রিসোর্টে ফেরেননি।

এ বিষয়ে শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন এশিয়া পোস্টকে বলেন, হামলাকারীদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

রবিউল ইসলাম

সম্পাদনা

রবিউল ইসলাম

সহ-সম্পাদক | এশিয়া পোস্ট