দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা

নিজের দলের নেতা কর্তৃক শিবির নেতা সাইফুল্লাহ বারি হত্যা এবং পূর্বে স্বজন হত্যার বিচার না পাওয়ার ক্ষোভে দুধ দিয়ে গোসল করে রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন গাইবান্ধার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের আব্দুল জলিল তোতা। তিনি নিজেকে বিএনপির সমর্থক হিসেবে দাবি করেছেন।
বৃহস্পতিবার (২৫ জুন) বোনারপাড়ায় নিজ বাড়িতে দুধ দিয়ে গোসল করে এ ঘোষণা দেন তিনি। তার দাবি, বারবার স্বজন হারিয়েও বিচার না পাওয়ায় তিনি রাজনীতির প্রতি আস্থা হারিয়েছেন। তিনি আর কোনো দল করবেন না।
আব্দুল জলিল তোতা প্রয়াত আবু বক্করের ছেলে। তার বাবা স্থানীয়ভাবে একজন টিউবওয়েল মিস্ত্রি হিসেবে পরিচিত ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০২৬ সালের নির্বাচনে কাজী আজহার আলী সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে বিএনপি সমর্থিত প্রার্থীর পক্ষে প্রচারণা ও নির্বাচনি কার্যক্রমে অংশগ্রহণ করেন আব্দুল জলিল তোতা। এ ছাড়া তিনি একটি নির্বাচনি বুথের দায়িত্বে ছিলেন।
আব্দুল জলিল তোতা বলেন, ২০১৮ সালের ৫ জুলাই আমার চাচাতো ভাই মুকুলকে প্রকাশ্যে হত্যা করা হয়। দীর্ঘ আট বছরেও সেই হত্যার বিচার পাইনি। আবার গত ২১ জুন আমার মামাতো ভাই ছাত্রশিবির নেতা সাইফুল্লাহ বারীকেও নির্মমভাবে হত্যা করা হয়েছে। এ ঘটনার বিচার পাব কি না, তাও জানি না। বারবার স্বজন হারানো এবং বিচারহীনতার অভিজ্ঞতা আমাকে হতাশ করেছে। তাই আমি আর এই নোংরা রাজনীতি করতে চাই না। রাজনীতি থেকে নিজেকে সম্পূর্ণভাবে দূরে রাখতে দুধ দিয়ে গোসল করেছি। এখন একজন সাধারণ মানুষ হিসেবে সমাজে শান্তিপূর্ণভাবে জীবনযাপন করতে চাই।
তিনি আরও বলেন, আমি কোনো রাজনৈতিক দলের পরিচয়ের জন্য নয়, একজন সাধারণ নাগরিক হিসেবে ন্যায়বিচার চাই। আমার স্বজনদের হত্যার সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হোক।
এদিকে আব্দুল জলিল তোতার রাজনৈতিক পরিচয় নিয়ে ভিন্ন বক্তব্য দিয়েছে বিএনপি। এ বিষয়ে সাঘাটা উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম আহমেদ তুলিপ বলেন, আব্দুল জলিল তোতা বিএনপির কোনো পদধারী নেতা বা কর্মী নন। তিনি বিএনপির কোনো কমিটির সদস্যও নন। বর্তমানে বিএনপির কোনো সাংগঠনিক বা রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার ব্যক্তিগত বক্তব্য ও সিদ্ধান্তের দায় বিএনপি বহন করে না।






