খুলনায় রগ কেটে যুবদল নেতাকে হত্যা

খুলনার দিঘলিয়া উপজেলার সেনহাটি ইউনিয়ন যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খান মুরাদকে ছুরি দিয়ে রগ কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার সেনহাটি বক্সীবাড়ি কবরস্থানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত মুরাদ হাজী গ্রামের বাসিন্দা খান মুনসুর আহমেদের ছেলে।
জানা গেছে, শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে সাজ্জাদ ও আলামিনসহ আরও ১০ থেকে ১৫ জন মুরাদের ওপর হামলা চালায়। আত্মরক্ষার জন্য একটি দোকানে আশ্রয় নিলে দুর্বৃত্তরা ওই দোকানের তালা ভেঙে দোকানের ভেতরে ঢুকে ছুরি দিয়ে দুই হাঁটুর নিচের রগ কেটে দেয়।
স্থানীয়রা মুরাদকে আহত অবস্থায় উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরবর্তীতে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ জানায়, হত্যাকাণ্ডের খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেছে। ঘটনার কারণ উদঘাটন এবং জড়িতদের গ্রেপ্তারে অভিযান শুরু হয়েছে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
দিঘলিয়া থানার ওসি মোহাম্মদ শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, হত্যাকারীর রাজনৈতিক পরিচয় কোনো ইস্যু না। কারা হত্যার সঙ্গে জড়িত তা শনাক্ত করা গেছে। খুব শিগগিরই গ্রেপ্তার করা হবে।