logo

রংপুরে ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে চু‌রি ১৪০ মিলি

রংপুরে ফিলিং স্টেশনে প্রতি ১০ লিটারে চু‌রি ১৪০ মিলি
ছবি : এশিয়া পোস্ট

রংপুর মহানগরীতে একাধিক ফিলিং স্টেশনের বিরুদ্ধে নির্ধারিত মূল্য আদায় করেও পরিমাপে তেল কম দেওয়ার সত্যতা পাওয়া গেছে। প্রতি ১০ লিটারে ৫০ থেকে ১৪০ মিলিলিটার পর্যন্ত অকটেন, ডিজেল ও পেট্রোল কম দেওয়া হচ্ছে। অভিনব কায়দায় জ্বালানি তেল পরিমাপে কম দিয়ে ভোক্তাদের প্রতারিত করার অভিযোগে অভিযান চালিয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) ও জেলা প্রশাসন।

সোমবার (৩ আগস্ট) দুপুরে রংপুর নগরীর বাংলাদেশ ব্যাংক মোড়ে ‘মেসার্স সিটি ফিলিং স্টেশনে’ অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত। এ সময় তেল চুরির বিষয়টি হাতেনাতে ধরা পড়ে। দেখা যায়, সিটি ফিলিং স্টেশনটি প্রতি ১০ লিটার অকটেনে ১৪০ মিলিলিটার কম দিচ্ছে।

এ অপরাধে প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযানে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট তানজিনা কবির ও কাজী মো. শাহান নেতৃত্ব দেন।

একই দিনে নগরীর কাচারি বাজার এলাকায় ‘মেসার্স তাজীজ ফুডস ইন্ডাস্ট্রিজ লিমিটেড’ এবং ‘আল মদিনা লাইভ বেকারি’ পরিদর্শনে যায় ভ্রাম্যমাণ দল। প্রতিষ্ঠান দুটিকে হোয়াইট ব্রেড ও বিস্কুট পণ্যের জন্য বিএসটিআইয়ের সিএম লাইসেন্স এবং মোড়কজাত নিবন্ধন সনদ গ্রহণের আহ্বান জানানো হয়।

অভিযানে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন বিএসটিআই রংপুরের ফিল্ড অফিসার (সিএম) মারুফা বেগম, পরিদর্শক (মেট্রোলজি) মো. আলমাস মিয়া ও মো. নাসির উদ্দিন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন বিএসটিআই কর্মকর্তারা।