রাঙামাটিতে ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা, তিন লাখ টাকা লুট

রাঙামাটির বরকল উপজেলায় ঘরে ঢুকে গৃহবধূকে হত্যা করেছে দুর্বৃত্তরা। তারা গৃহবধূকে হত্যা করে তিন লাখ টাকা লুট করে নিয়ে গেছে।
সোমবার (২২ জুন) সকালে রাঙামাটির পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, রোববার উপজেলার শুভলং ইউনিয়নে ২ নম্বর ওয়ার্ডের বরুনাছড়ি ইসলামপুর এলাকায় ঘটনাটি ঘটে।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, ঘটনার সময় আয়শা বেগম নামে ওই গৃহবধূ বাড়িতে একা ছিলেন। তার স্বামী ও সন্তানরা পারিবারিক কাজে বাইরে ছিলেন। পুলিশের ধারণা, দুর্বৃত্তরা লুটপাটের উদ্দেশ্যে ঘরে ঢুকেছিলেন। আয়শা তাদের চিনে ফেলায় মাথায় শক্ত কোনো বস্তু দিয়ে আঘাত করা হলে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
নিহতের ছেলে আশ্রাব আলী বলেন, সন্ধ্যার দিকে বাড়িতে ফিরে মাকে রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে থাকতে দেখি। মাথা থেকে প্রচুর রক্তক্ষরণ হচ্ছিল। ঘরের আলমারির ড্রয়ার ভাঙা অবস্থায় পাওয়া যায়। ঘরে থাকা প্রায় সাড়ে তিন লাখ টাকা নিয়ে গেছে দুর্বৃত্তরা। আমরা মালা করব।
জেলা পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য রাঙামাটি জেনারেল হাসপাতালের মর্গে আনা হয়েছে। জড়িতদের শনাক্তে তদন্ত শুরু করেছে পুলিশ।







