ঘরে ঢুকে এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা

ঢাকার ধামরাইয়ে নাহিদা আক্তার নামে এক এসএসসি পরীক্ষার্থীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল ৫টার দিকে ধামরাই পৌরসভার লাকুড়িয়াপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নাহিদা (১৬) ধামরাই সেন্ট্রাল স্কুলের বানিজ্য বিভাগ থেকে এ বছরের এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছিল। নিহতের মা লিজা আক্তার একজন প্রবাসী, আর বাবা বরিশালে বসবাস করেন। নাহিদা ধামরাইয়ে তার নানির সঙ্গে বসবাস করত।
স্থানীয় ও পারিবার সূত্রে জানা গেছে, নাহিদা আক্তার বিকেলে নিজ ঘরে পড়াশোনা করছিল। সে তার নানির সঙ্গে বসবাস করত। নানি দুধ আনার জন্য বাইরে যাওয়ার ঘণ্টা খানেক পর বাড়ি ফিরে এসে দেখেন, নাহিদা রক্তাক্ত অবস্থায় মেঝেতে পড়ে আছে এবং পুরো মেঝে রক্তে ভরা। কেউ ঘরে ঢুকে তাকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে পালিয়ে যায়। মেয়েটির গলায় জখম দেখা যায়।
নাহিদাকে উদ্ধার করে সাভারের গণস্বাস্থ্য সমাজভিত্তিক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে কী কারণে বা কারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় শোক ও আতঙ্ক বিরাজ করছে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করতে তদন্ত চালাচ্ছে।
ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হুদা খান বলেন, খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর প্রক্রিয়া শুরু করেছে। জড়িতদের শনাক্ত করতে পুলিশ তদন্ত চালাচ্ছে।