Advertisement

প্রতিমন্ত্রীর ভিডিওর সঙ্গে ছবি দিয়ে প্রচার, মুখ খুললেন সেই তরুণী

এশিয়া পোস্ট নিউজ, পঞ্চগড়
প্রতিমন্ত্রীর ভিডিওর সঙ্গে ছবি দিয়ে প্রচার, মুখ খুললেন সেই তরুণী
রাহেমীন মারিয়া এলিন। ছবি: এশিয়া পোস্ট

সামাজিক যোগাযোগমাধ্যমে পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে ঘিরে ভাইরাল হওয়া একটি ভিডিওর সঙ্গে নিজের ছবি জুড়ে দিয়ে অপপ্রচার চালানো হচ্ছে বলে অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছেন পঞ্চগড়ের তরুণী রাহেমীন মারিয়া এলিন। তিনি দাবি করেন, ভাইরাল ভিডিওর নারীর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। পরিকল্পিতভাবে তার ব্যক্তিগত ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়িয়ে চরিত্র হননের চেষ্টা করা হচ্ছে।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে পঞ্চগড় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন রাহিমিন মারিয়া এলিন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি জানান, তিনি পঞ্চগড়ের মকবুলার রহমান সরকারি কলেজের অনার্স শেষ বর্ষের শিক্ষার্থী। ছোটবেলাতেই বাবা-মাকে হারিয়ে নানা প্রতিকূলতার মধ্য দিয়ে পড়াশোনা চালিয়ে যাচ্ছেন। সম্প্রতি একটি রেস্টুরেন্টে একটি সংগঠনের কর্মসূচি নিয়ে আলোচনা করার সময় পানিসম্পদ প্রতিমন্ত্রীর সঙ্গে একটি ছবি তোলা হয়। পরবর্তীতে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিমন্ত্রীর একটি আপত্তিকর ভিডিও ভাইরাল হলে, সেই ভিডিওর সঙ্গে ছবিটি জুড়ে দিয়ে বিভিন্ন ফেসবুক আইডি ও পেজ থেকে ভিন্ন পরিচয় বানিয়ে প্রচার করা শুরু হয়।

সংবাদ সম্মেলনে মারিয়া এলিন বলেন, ভাইরাল হওয়া ভিডিওর নারী আমি নই এবং আমি কোনো রাজনৈতিক দলের সঙ্গেও জড়িত নই। অথচ আমাকে কখনো ভিন্ন ধর্মের, আবার কখনো ভিন্ন পরিচয়ের ব্যক্তি হিসেবে উপস্থাপন করে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হচ্ছে। এতে আমার ব্যক্তিগত সম্মান, সামাজিক অবস্থান ও ভবিষ্যৎ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে।

তিনি আরও জানান, ভিডিওটি ভাইরাল হওয়ার কয়েকদিন আগে তিনি নিজের ফেসবুক অ্যাকাউন্টে ছবিটি পোস্ট করেছিলেন। পরে বিষয়টি নিয়ে অপপ্রচার হতে পারে—এমন আশঙ্কায় ছবিটি মুছে ফেলেন। কিন্তু এর আগেই কেউ বা কারা ছবিটি সংরক্ষণ করে এই অপপ্রচারে ব্যবহার করেছে।

রাহিমিন মারিয়া এলিন বলেন, এ ঘটনার পর থেকে আমি চরম মানসিক যন্ত্রণার মধ্যে রয়েছি এবং স্বাভাবিকভাবে বাইরে চলাফেরা করতেও সংকোচ বোধ করছি। ঘটনায় জড়িত সাইবার অপরাধীদের চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

বিষয় :পঞ্চগড়