আজ ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল স্বাভাবিক

শ্রমিক আন্দোলনে গত কয়েক দিন উত্তাল ছিল গাজীপুরস্থ ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক। তবে আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। কোথাও শ্রমিক বিক্ষোভ বা অবরোধের ঘটনা ঘটেনি।
খোঁজ নিয়ে জানা যায়, শিল্পনগরী গাজীপুরে আজও বিশৃঙ্খল পরিবেশ এড়াতে অনেক কারখানা সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। তবে অন্যান্য দিনের মতো শ্রমিকরা মহাসড়কে অবস্থান নেননি। তারা কারখানা বন্ধ থাকায় নিজ নিজ বাসায় অবস্থান নিয়েছেন।
সরেজমিনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা, পল্লিবিদুৎ, সফিপুর, মৌচাক এলাকায় কোথাও শ্রমিকদের বিক্ষোভ দেখা যায়নি। সকাল থেকেই স্থানীয় ও দূরপাল্লার পরিবহন চলাচল করতে দেখা গেছে। এ ছাড়া সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা অবস্থান নিয়ে রেখেছেন।
আতাউর নামে এক শ্রমিক বলেন, আমরা কাজ করে খাই। বেতন বাড়াতেই হবে, না হলে চলা কষ্ট। তবে আমরা ভাঙচুরের পক্ষে না। আসলে উত্তেজিত হয়ে সবাই কেন যে আগুন দেয় আমরা বুঝে উঠতে পারিনা। আজ আমাদের কারখানা ছুটি কিন্তু আমরা কেউ সড়কে যাইনি।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, সকাল থেকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। শ্রমিকদের কোনো অবস্থান দেখা যায়নি। আমরা সতর্ক অবস্থানে রয়েছে যাতে শ্রমিকদের মধ্যে কোনো দুষ্কৃতকারীরা প্রবেশ করতে না পারে।