পরীক্ষার্থী দুজন, পাস করেনি কেউ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় এবারের এইচএসসি পরীক্ষার ফলাফলে সবচেয়ে হতাশাজনক চিত্র দেখা গেছে ড. সামছুল হক মডেল কলেজে। প্রতিষ্ঠানটি থেকে মানবিক বিভাগ থেকে মাত্র ২ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। তবে তাদের কেউই পাস করতে পারেননি। ফলে কলেজটির পাসের হার শূন্য শতাংশ।
এর আগে ২০২৪ সালেও কলেজটি থেকে ১০ জন পরীক্ষার্থী অংশ নিয়ে শতভাগ অকৃতকার্য হয়েছিল। আর ২০২৫ সালে ৪ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছিলেন মাত্র ১ জন। কলেজটি উপজেলার বহরী গ্রামে ২০০৩ সালে প্রতিষ্ঠিত হয়।
টানা দুবছর পড়াশোনা করেও কোনো শিক্ষার্থী পাস করতে না পারায় প্রতিষ্ঠানটির পাঠদানের মান ও সার্বিক কার্যক্রম নিয়ে চরম হতাশা প্রকাশ করেছেন এলাকাবাসী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের তথ্য অনুযায়ী, এ বছর মতলব দক্ষিণ উপজেলার ৮টি কলেজ থেকে মোট ৯১৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশ নেয়। এর মধ্যে পাস করেছে ৩২৫ জন এবং জিপিএ-৫ পেয়েছে মাত্র ৩ জন। এ বছর উপজেলায় পাসের গড় হার ৩৫.৩৬ শতাংশ।
অন্যদিকে আলিম পর্যায়ে উপজেলার ৭টি মাদ্রাসা থেকে ১৩৬ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৪৩ জন। জিপিএ-৫ পেয়েছে একজন শিক্ষার্থী। এখানে পাসের হার ৩১.৬১ শতাংশ।
এছাড়া উপজেলার মতলব সরকারি কলেজ (বিএম) থেকে কারিগরি শাখায় ৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়ে ৪২ জন পাস করেছে, যেখানে পাসের হার ৫৯.১৫ শতাংশ।
শিক্ষাবিদরা মনে করছেন, শিক্ষকদের অনুপস্থিতি, ক্লাসে শিক্ষার্থীদের অনিয়মিত হওয়া এবং কোচিং-নির্ভরতার কারণে মূল পাঠদানের পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফলে শিক্ষার মান ক্রমশ নিচে নেমে যাচ্ছে এবং ফলাফলে ধস নামছে।
এ বিষয়ে ড. সামছুল হক মডেল কলেজের অধ্যক্ষ মোশাররফ হোসেন বলেন, আমি কলেজে নেই, মালিক কলেজ বন্ধ করে দিয়েছেন।
মতলব দক্ষিণ উপজেলার মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) মো. কামরুজ্জামান জানান, ড. সামছুল হক মডেল কলেজের ফলাফল বিপর্যয়ের বিষয়টি তিনি জেনেছেন। এ বিষয়ে কলেজের শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে দ্রুত সভা করা হবে।
