Advertisement

আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাতে পারবেন না: নাসীরুদ্দীন

এশিয়া পোস্ট নিউজ, সিলেট
আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাতে পারবেন না: নাসীরুদ্দীন
পথসভায় কথা বলছেন নাসীরুদ্দীন পাটোয়ারী। ছবি: এশিয়া পোস্ট

আগামীর বাংলাদেশ তারেক রহমান চালাতে পারবেন না দাবি করে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটোয়ারী বলেছেন, তিনি (তারেক রহমান) গত ৬ মাসে বাংলাদেশ চালানোর পরীক্ষায় ব্যর্থ হয়েছেন। এখন সময় এসেছে জনগণের হাতে ক্ষমতা তুলে নেওয়ার।

শুক্রবার (৩১ জুলাই) বিকেলে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গণে এনসিপি আয়োজিত ‘জুলাই পদযাত্রা’ শেষে এক পথসভায় তিনি এসব কথা বলেন।

কোম্পানীগঞ্জ উপজেলা এনসিপির আহ্বায়ক উবায়েদ আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন নাসীরুদ্দীন পাটোয়ারী।

নাসীরুদ্দীন পাটোয়ারী বলেন, আমি একটু অন্যভাবেই কথা বলি, যা একটু সহ্য করতে হবে। ক্ষমতায় যখন বসেছেন, তখন একটু শক্ত হতে হবে। তবে এমন 'গণ্ডার' হওয়া যাবে না, যা নাড়া দিলেও নড়ে না। ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, আজ থেকে কোনো ব্যবসায়ীকে চাঁদা বা সরকারি অফিসে ঘুষ দেবেন না।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করে তিনি বলেন, ক্ষমতাচ্যুত হওয়ার পর শেখ হাসিনা ভারতের দিল্লিতে অবস্থান করে রাজনৈতিক চক্রান্ত করছেন। সেখান থেকে হুমকি দিয়ে বলেন—'আমি কিন্তু আসব'। সাহস থাকলে আসুন, দেখা যাবে। বাংলাদেশের মাটিতে শেখ হাসিনা পা রাখামাত্রই তার ফাঁসির রায় কার্যকর করা হবে।

বক্তব্যে ২০২৪ সালের জুলাই আন্দোলনের শহীদ আবু সাঈদ ও মুগ্ধসহ আন্দোলনের চার শতাধিক শহীদের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি বলেন, অনেকে দুই বছরের মাথায় আবু সাঈদকে ভুলে যেতে পারেন, কিন্তু আমরা বেঁচে থাকতে এই রক্ত বৃথা যেতে দেব না।

ছাত্রদলের ভূমিকা নিয়ে সমালোচনা করে পাটোয়ারী বলেন, ছাত্রদল ফ্যসিবাদের বিরুদ্ধে আন্দোলনে ছিল—তা অস্বীকার করার উপায় নেই। কিন্তু ৫ আগস্টের পর সেখানে লুটপাট চালায় কারা? এ ছাড়া সীমান্ত হত্যা বন্ধে সংসদ সদস্যদের নীরবতার তীব্র নিন্দা জানান তিনি। একই সঙ্গে বন্ধ থাকা কোম্পানীগঞ্জের পাথর কোয়ারিগুলো সনাতন পদ্ধতিতে অবিলম্বে চালুর দাবি জানান এবং হযরত শাহজালাল (র.) মাজারের অব্যবস্থাপনা দূর করে অর্থসংস্থানের স্বচ্ছতা নিশ্চিত করার আহ্বান জানান।

সমাবেশে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম বলেন, জুলাই আন্দোলনের ফসল থেকে যদি নতুন করে কোনো স্বৈরাচার উঠে দাঁড়ায়, এনসিপি তাদের প্রতিহত করবে। আমাদের আগামী লড়াই কোনো দলীয় লড়াই নয়; এটি ভালো ও মন্দের লড়াই, ন্যায় ও অন্যায়ের লড়াই।

বিএনপির শীর্ষ নেতৃত্বের উদ্দেশে সারজিস আলম বলেন, দলটির অভ্যন্তরীণ ক্ষমতার অপব্যবহারকারী ও মাফিয়া চক্রের বিরুদ্ধে তারেক রহমান ব্যবস্থা না নিলে বা তাদের আশ্রয়-প্রশ্রয় দিলে, তার বিরুদ্ধে কথা বলতে আমরা একচুল ছাড় দেব না।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম সদস্যসচিব ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ডা. মাহমুদা মিতু বলেন, দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার প্রয়োজনে বর্তমান সরকারের আরও দীর্ঘদিন দায়িত্ব পালন করা উচিত। আমরা সিস্টেমে এমন পরিবর্তন চাই, যা পুলিশ ও প্রশাসনকে জনগণের মুখোমুখি না করে জনবান্ধব করবে।

কোম্পানীগঞ্জের সভা শেষে এনসিপির ‘জুলাই পদযাত্রা’ গোয়াইনঘাট ও জৈন্তাপুর উপজেলার উদ্দেশে রওনা হয়।

উল্লেখ্য, হবিগঞ্জ ও সিলেটের গোলাপগঞ্জে এনসিপির পদযাত্রা থেকে ফেরার পথে হামলার খবর পাওয়া যায়; যা কেন্দ্র করে পরবর্তীতে কোম্পানীগঞ্জে বিপুল নিরাপত্তাব্যবস্থা জোরদার করে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয় :সিলেট