Advertisement

বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: গোলাম পরওয়ার

এশিয়া পোস্ট নিউজ, নীলফামারী
বিএনপি দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে: গোলাম পরওয়ার
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার। ছবি : এশিয়া পোস্ট

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, সংখ্যাগরিষ্ঠতার কারণে বিএনপির মধ্যে কর্তৃত্ববাদী মানসিকতা তৈরি হয়েছে। গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনে ৫ কোটি মানুষ ‘হ্যাঁ’ ভোটের মাধ্যমে সমর্থন দিলেও বিএনপি সেই গণভোটকে উপেক্ষা করছে। জুলাই সনদ বাস্তবায়নে দলটি মানুষের প্রত্যাশার বিপরীতে অবস্থান নিয়ে দেশকে সংঘাতের দিকে ঠেলে দিচ্ছে।

শুক্রবার (২৪ জুলাই) নীলফামারী জেলা শহরের আল হেলাল একাডেমিতে—জেলা জামায়াতের কার্যালয়ে উপজেলা পর্যায়ের জামায়াতের কর্মপরিষদ সদস্যদের অংশগ্রহণে আয়োজিত দুই দিনব্যাপী শিক্ষাশিবিরের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মিয়া গোলাম পরওয়ার বলেন, দেশ আজ একটি গুরুত্বপূর্ণ সন্ধিক্ষণে রয়েছে। এ সময় জাতীয় ঐক্য, গণতান্ত্রিক মূল্যবোধ এবং জনগণের প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে রাজনৈতিক দলগুলোর দায়িত্বশীল ভূমিকা পালন করা প্রয়োজন। কিন্তু বিএনপি জনগণের রায়কে যথাযথভাবে মূল্যায়ন না করে রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরির পথ বেছে নিয়েছে বলে তিনি অভিযোগ করেন।

তিনি আরও বলেন, জুলাই সনদ বাস্তবায়নের মাধ্যমে রাষ্ট্র সংস্কারের যে সুযোগ সৃষ্টি হয়েছে, তা কাজে লাগাতে হবে। রাজনৈতিক দলগুলোর উচিত ব্যক্তি বা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে দেশের স্বার্থকে প্রাধান্য দেওয়া। সংঘাতের রাজনীতি নয়; বরং আলোচনা, সহনশীলতা ও গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমেই দেশের সমস্যা সমাধান সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নীলফামারী জেলা জামায়াতের আমির ও সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার। তিনি বলেন, সংগঠনের আদর্শ, শৃঙ্খলা ও জনসেবামূলক কর্মকাণ্ড আরও বেগবান করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। দেশের মানুষের আস্থা অর্জনে নৈতিকতা, সততা ও দায়িত্বশীলতার বিকল্প নেই বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে নীলফামারী-৩ আসনের সংসদ সদস্য মাওলানা ওবায়দুল্লাহ সালাফি এবং নীলফামারী-৪ আসনের সংসদ সদস্য হাফেজ আব্দুল মুনতাকিম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এ ছাড়া জেলা জামায়াতের নায়েবে আমির ড. খায়রুল আনাম, জেলা সেক্রেটারি অধ্যাপক আন্তাজুল ইসলাম, জেলা পলিটিক্যাল সেক্রেটারি বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান মন্টু এবং সহকারী সেক্রেটারি অধ্যাপক আনোয়ারুল ইসলামসহ জেলা ও উপজেলা পর্যায়ের নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।