logo

গড়াই নদীতে রাজন বাহিনীর আতঙ্ক, নৌকায় পারাপারের সময় গুলি

গড়াই নদীতে রাজন বাহিনীর আতঙ্ক, নৌকায় পারাপারের সময় গুলি
কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুর এলাকায় গড়াই নদীতে নৌকায় রাজন বাহিনীর গুলিতে আহত খাইরুল শেখ। ছবি: এশিয়া পোস্ট

কুষ্টিয়ার খোকসা উপজেলার ওসমানপুরে নৌকায় গড়াই নদী পার হওয়ার সময় রাজন বাহিনীর গুলিতে খাইরুল শেখ নামে এক যুবক আহত হয়েছেন।

রোববার (৮ নভেম্বর) রাতে নদীতে নৌকায় পারাপারের সময় এ ঘটনা ঘটে। আহত খাইরুল ওসমানপুর গ্রামের ইমারত আলী শেখের ছেলে।

পুলিশ, আহত ব্যক্তির পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাতে ওসমানপুর খেয়াঘাট দিয়ে নৌকায় নদী পার হচ্ছিলেন খাইরুলসহ কয়েকজন। এ সময় নৌকায় থাকা ব্যক্তিরা চিৎকার করলে পাশ দিয়ে যাওয়া আরেকটি নৌকা থেকে গুলি ছোড়া হয়। এতে খাইরুলের পেটে গুলি লাগে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে। পরে পরিবারের সদস্যরা তাকে সেখানে নিয়ে যান। কুষ্টিয়া জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ডা. রুমন জানান, আহত ব্যক্তির শরীরে অস্ত্রোপচার প্রয়োজন।

আহত খাইরুলের বড় ভাই বলেন, আমার ভাই নৌকায় নদী পার হওয়ার সময় রাজন ও তার বাহিনীর লোকজন গুলি চালায়। দীর্ঘদিন ধরে রাজন বাহিনী এলাকায় অত্যাচার করে আসছে। আমরা এ ঘটনার সুষ্ঠু বিচার চাই।

অভিযুক্ত রাজনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তা সম্ভব হয়নি। এ বিষয়ে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ জাহেদুর রহমান এশিয়া পোস্টকে বলেন, গোলাগুলির ঘটনা শুনে ঘটনাস্থল পরিদর্শন করেছি। এখন পর্যন্ত ভুক্তভোগীর পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ জানানো হয়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।