logo

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু

সিলেটে হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু
হাসপাতালে হাম আক্রান্ত রোগীরা। ছবি: সংগৃহীত

সিলেটে সর্বশেষ ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে এ রোগে সিলেট বিভাগে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ৪০ জনের। সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের দৈনিক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মারা যাওয়া তিন শিশুর দুজন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে এবং একজন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিল।

এর মধ্যে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার ছয় মাস বয়সি ইশিতা কাহের সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছে।

মৌলভীবাজার সদরের ৯ মাস বয়সি সুমিতা ও সিলেট সদরের ৯ মাস বয়সি লাবিবা মারা যায় সিলেট শহীদ ডা. শামসুদ্দিন আহমদ হাসপাতালে।

স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৯২ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে। বর্তমানে সিলেট বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে মোট ২৮১ জন। এর মধ্যে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ৭০ ও ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৭৭ জন চিকিৎসা নিচ্ছে। মারা যাওয়া ৪০ জনের মধ্যে ৪ জন নিশ্চিত হামে ও ৩৬ জন উপসর্গ নিয়ে মারা গেছে।

ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনির ওমর রাশেদ জানান, হামের প্রকোপে ওসমানী হাসপাতালে ২০টি ও শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে ১৪টি আইসিইউ বেড সংযোজন করা হয়েছে।