logo
Advertisement

আমীর সাহেবের নেতৃত্বেই পাটওয়ারীরা বিবেকবর্জিত বক্তব্য স্টাবলিশ করছে: এ্যানি

এশিয়া পোস্ট নিউজ
এশিয়া পোস্ট নিউজ,লক্ষ্মীপুর
আমীর সাহেবের নেতৃত্বেই পাটওয়ারীরা বিবেকবর্জিত বক্তব্য স্টাবলিশ করছে: এ্যানি
বক্তব্য দিচ্ছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। ছবি: এশিয়া পোস্ট

আমীর সাহেবের (ডা. শফিকুর রহমান) নেতৃত্বেই পাটওয়ারীরা বিবেকবর্জিত বক্তব্য স্টাবলিশ করছে বলে মন্তব্য করেছেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি।

Advertisement

বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার (৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুরে আয়োজিত শোভাযাত্রার (র‍্যালি) শুরুতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি বলেন, সংসদে আমীর সাহেব বলেছেন— ‘আমি প্রধামন্ত্রীর পক্ষ হয়ে বিচার চাচ্ছি, কেন তার পরিবারকে গালিগালাজ করা হয়েছে।’ তিনি এটাও বলেছেন, ‘কোন ইতররা এসমস্ত অপকর্ম করেছে, তাদেরকে গ্রেপ্তারের জন্য তিনি আবেদন জানাচ্ছেন।’

পানিসম্পদ মন্ত্রী আরও বলেন, একদিকে পাটওয়ারী সাহেবের বক্তব্য— সে এতদিন তারেক জিয়া, জিয়া পরিবারকে টার্গেট করে বলেছে এবং ব্যক্তিগতভাবে আমাদের সবাইকে তুই-তোকারি করে অশ্লীল ও অশালীন বক্তব্য দিয়ে যাচ্ছে। কই, আমাদের আমীর সাহেব অথবা যারা আমীর সাহেবের সঙ্গে এখন বিরোধী দলে ঐক্যবদ্ধ হয়েছেন, একটিবারের জন্যও কি তাকে বারণ করেছিলেন? কারণ রাজনৈতিক শিষ্টাচার তারা বোঝেন না। রাজনীতির মাঠে যারা ফ্যাসিবাদের মতো আচরণ করতে চান, তাদের মধ্যেই এ ধরনের বক্তব্য।

তিনি বলেন, একটি ছেলে এমন কিছু গালিগালাজ করেছে, যার নাম মুখে নিতে চাই না। লংমার্চে গিয়ে ছাত্রদল-যুবদলের বিরুদ্ধে কথা বলেন, স্লোগান দেন— ‘হৈ হৈ রৈ রৈ, এরা (ছাত্রদল-যুবদল) গেলি কই।’ এটা হলো পাটওয়ারী সাহেবদের বক্তব্য, এটি আমাদের আমীর সাহেবেরও বক্তব্য। আমীর সাহেবের নেতৃত্বেই এ সমস্ত অশালীন ও অশ্লীল বক্তব্য— যেগুলো রাজনীতিতে যায় না, সমাজে যায় না— সেই বিবেকবর্জিত বক্তব্যগুলো তারা স্টাবলিশ করছে।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম আহ্বায়ক হাছিবুর রহমান, বাফুফের সহ-সভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাপি, বিএনপি নেতা আবুল হাশেম, লক্ষ্মীপুর পৌরসভার সাবেক চেয়ারম্যান হাসানুজ্জামান চৌধুরী মিন্টু, জেলা ওলামা দলের সভাপতি শাহ মোহাম্মদ এমরান, সদর (পূর্ব) উপজেলা বিএনপির সভাপতি মাইন উদ্দিন চৌধুরী রিয়াজ, লক্ষ্মীপুর পৌর বিএনপির সভাপতি রেজাউল করিম লিটন এবং সদর (পশ্চিম) উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন প্রমুখ।