logo

রংপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রংপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি

রংপুরে এক সাংবাদিককে প্রাণনাশের হুমকির অভিযোগ উঠেছে কিশোর গ্যাং নেতার বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী সাংবাদিক জীবনের নিরাপত্তা চেয়ে মিঠাপুকুর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।

রোববার (৫ এপ্রিল) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান।

ভুক্তভোগী সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম এশিয়া পোস্টের রংপুর প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

অপরদিকে অভিযুক্ত কিশোর গ্যাং নেতা কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার মালডাঙ্গা গ্রামের শফিকুল ইসলামের ছেলে আহসান হাবীব নীরব (১৯)। তিনি একটি বেসরকারি কলেজে অধ্যয়নরত।

ভুক্তভোগী সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলাম জানান, সম্প্রতি মহাসড়কে বাস থামিয়ে চাঁদাবাজি নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করি ও বর্তমানে রংপুর বিভাগের ভারতীয় সীমান্ত দিয়ে মাদক চোরাচালান সম্পর্কিত একটি প্রতিবেদন নিয়ে কাজ করছি। এই ২টি প্রতিবেদনকে ঘিরে অনেকেই আমার ওপর ক্ষিপ্ত ছিল।

গত ১ এপ্রিল সন্ধ্যায় অভিযুক্ত নীরবের নাম্বার থেকে প্রথমে আমার ব্যক্তিগত নাম্বারে কল দেওয়া হয়। সে সময়ে আমি মোটরসাইকেল ড্রাইভিং করায় মুঠোফোন রিসিভ করতে না পারায় আমার মায়ের ফোন নাম্বারে কল দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একই সঙ্গে আমার বিরুদ্ধে কাল্পনিক অভিযোগ তুলে আমাকে মারধর করাসহ জীবননাশের হুমকি প্রদান করা হয়। আমি এখন নিরাপত্তাহীনতায় ভুগছি।

মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. নুরুজ্জামান জানান, সাংবাদিক খন্দকার রাকিবুল ইসলামকে হুমকির ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।