সুন্দরবনে পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টা

বাগেরহাটের পূর্ব সুন্দরবনের কটকা অভয়ারণ্য এলাকায় একটি পর্যটকবাহী জাহাজে ডাকাতির চেষ্টার অভিযোগ উঠেছে। তবে বনরক্ষীদের চার রাউন্ড গুলিবর্ষণে সে চেষ্টা ব্যর্থ হয়।
শনিবার (৩ অক্টোবর) রাত ৯টার দিকে সুন্দরবনের কটকা খালের সাগর মোহনায় নোঙর করে থাকা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর কাছে এ ঘটনা ঘটে।
সুন্দরবনের শরণখোলা রেঞ্জের কটকা অভয়ারণ্য কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ফরেস্টার) তানভির হাসান ইমরান রাত ১১টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, অজ্ঞাতপরিচয় একদল বনদস্যু ইঞ্জিনচালিত একটি ফিশিং ট্রলারে করে রাত ৯টার দিকে কটকা খালের সাগর মোহনায় নোঙর করে রাখা পর্যটকবাহী জাহাজ ‘দি ওয়েভ-২’-এর দিকে এগিয়ে আসতে থাকে। এ সময় কটকার মোহনায় সাগরে অবস্থানরত জেলেরা মুঠোফোনে বনরক্ষীদের বিষয়টি অবহিত করেন।
সংবাদ পেয়ে বনরক্ষীরা তাৎক্ষণিকভাবে একটি বোটে করে ঘটনাস্থলের দিকে গিয়ে সন্দেহভাজনদের ধাওয়া করেন। একপর্যায়ে তাদের লক্ষ্য করে চার রাউন্ড গুলি ছোড়া হয়। এতে ট্রলারটি গতিপথ পরিবর্তন করে দ্রুত সাগরের দিকে পালিয়ে যায়।
বর্তমানে ‘দি ওয়েভ-২’ সহ অপর একটি পর্যটকবাহী জাহাজ ‘আরালসী’ কটকা এলাকায় অবস্থান করছে। এ দুটি জাহাজে দেশি-বিদেশি মিলিয়ে মোট ৯৭ জন পর্যটক রয়েছেন বলে জানান ‘দি ওয়েভ-২’-এর মাস্টার মো. শামিম আলম।
বাগেরহাটের সুন্দরবন পূর্ব বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা (ডিএফও) মো. রেজাউল করিম চৌধুরী বলেন, কটকায় পর্যটকবাহী জাহাজের দিকে বনদস্যুদের এগিয়ে আসার খবরটি উদ্বেগজনক। এর আগে এখানে এমন ঘটনা ঘটেনি।
তিনি আরও জানান, সম্প্রতি সুন্দরবনে বনদস্যুদের অপতৎপরতা বেড়েছে। তারা জেলেদের জিম্মি করে মুক্তিপণ আদায় করছে। বনদস্যু দমনে সুন্দরবনে কোস্টগার্ডের রাতের টহল জোরদার করা প্রয়োজন।
