শ্বশুরবাড়ি থেকে ফেরার পথে নিখোঁজ, লাশ মিলল আখক্ষেতে

জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার বীরনগর এলাকায় একটি আখক্ষেত থেকে তমেজুল ইসলাম (৪৬) নামের এক ব্যক্তির রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। পুলিশ ও স্থানীয়দের ধারণা, মোটরসাইকেল ছিনতাইয়ের পর তাকে হত্যা করে দুর্বৃত্তরা মরদেহ আখক্ষেতে ফেলে রেখে গেছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলার বালিঘাটা ইউনিয়নের বীরনগর গ্রামের একটি আখক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার রাত ৯টার দিকে দিনাজপুরের বিরামপুর উপজেলার দেওর শৌলাহাট এলাকায় শ্বশুরবাড়ি থেকে স্ত্রীর সঙ্গে কথাকাটাকাটির পর মোটরসাইকেল নিয়ে জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটুল গ্রামের উদ্দেশে রওনা হন তমেজুল ইসলাম। এরপর রাতে পরিবারের সদস্যদের সঙ্গে তার আর যোগাযোগ হয়নি।
শনিবার সকালে বীরনগর এলাকার একটি আখক্ষেতে স্থানীয় লোকজন রক্তাক্ত অবস্থায় তমেজুল ইসলামের মরদেহ পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্বজনদের উপস্থিতিতে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে যায়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তামবিরুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মোটরসাইকেল ছিনতাইয়ের পর তমেজুল ইসলামকে হত্যা করা হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

