সীমান্তে বিজিবির অভিযানে ৫৩ লাখ টাকার ভারতীয় মালামাল জব্দ

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে পৃথক বিশেষ অভিযান চালিয়ে বিপুল ভারতীয় অবৈধ চোরাচালানি পণ্য ও মাদক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪-বিজিবি)। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য ৫২ লাখ ৯১ হাজার টাকা।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে এশিয়া পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান।
বিজিবি সূত্রে জানা যায়, ফেনী সীমান্ত এলাকায় মাদক পাচার ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত নজরদারির অংশ হিসেবে মঙ্গলবার রাতে পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে বিজিবির টহল দল। অভিযানে সীমান্ত পেরিয়ে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় বিভিন্ন ধরনের শাড়ি, কামিজ (থ্রি-পিস), ফেসওয়াস, বিস্কুট ও চকলেটসহ অন্যান্য সামগ্রী জব্দ করা হয়।
উদ্ধারকৃত মালামালের বিষয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে জানিয়ে বিজিবি জানায়, সাধারণ চোরাচালানের মালামাল স্থানীয় কাস্টমস অফিসে এবং উদ্ধারকৃত গাঁজা আইনগত প্রক্রিয়ার মাধ্যমে নিকটস্থ থানায় হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান এশিয়া পোস্টকে জানান, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা এবং সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সীমান্ত অপরাধ দমনে বিজিবির এই কঠোর অবস্থান ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


