logo

অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে, জ্বালানি সংকটও দেখা দিয়েছে: ত্রাণমন্ত্রী

অর্থনীতিতে চাপ তৈরি হয়েছে, জ্বালানি সংকটও দেখা দিয়েছে: ত্রাণমন্ত্রী

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে দেশের অর্থনীতিতে কিছুটা চাপ তৈরি হয়েছে এবং জ্বালানি সংকটও দেখা দিয়েছে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু। 

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে লালমনিরহাট সদর উপজেলার মোঘলহাট ইউনিয়নের ইটাপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয় ও বন্যা আশ্রয়কেন্দ্র উদ্বোধন শেষে তিনি এ কথা জানান। 

আসাদুল হাবিব দুলু বলেন, সব চ্যালেঞ্জের মধ্যেও সরকার জনগণের কল্যাণে কাজ করে যাচ্ছে। নির্বাচন-পরবর্তী সময়েই সরকার প্রতিশ্রুতি বাস্তবায়নে উদ্যোগ নিয়েছে। আঙুলের দাগ মুছে যাওয়ার আগেই আমরা কাজ শুরু করেছি। ফ্যামিলি কার্ড চালু, ইমামদের ভাতা প্রদান, কৃষক কার্ড বিতরণ এবং কৃষিঋণ মওকুফের মতো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত ইতোমধ্যে বাস্তবায়ন করা হয়েছে। 

ত্রাণমন্ত্রী বলেন, আমরা জনগণের ভোটে নির্বাচিত সরকার, তাই জনগণের সব ধরনের উন্নয়ন কর্মকাণ্ডে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। প্রধানমন্ত্রীর নেতৃত্বে মন্ত্রিপরিষদ দেশের সার্বিক উন্নয়ন নিয়ে কাজ করছে এবং একটি সুন্দর ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সরকার দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছে।

এ সময় লালমনিরহাট জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক একেএম মমিনুল হক ও সদ্য যোগদানকৃত জেলা প্রশাসক মুহাম্মদ রাশেদুল হক প্রধান উপস্থিত ছিলেন।